হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ( HPV) এর টিকা প্রকল্প চালু করলেন কেন্দ্রীয় সরকার৷ রাজস্থানের অজমের থেকে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জরায়ুমুখের ক্যানসার বা সারভাইক্যাল ক্যানসার রুখতে এই পদক্ষেপ। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে৷
গতকাল প্রধানমন্ত্রী জানিয়েছেন, "আজ আমার অজমের থেকে এইচপিভি টিকা কর্মসূচি শুরু করার সুযোগ হল। এই টিকা দেশের মেয়েদের আরও শক্তিশালী করে তুলবে৷" এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী জানিয়েছেন এই উদ্যোগ জরায়ুর ক্যানসারকে প্রতিরোধ করবে৷
প্রতি বছর ১৪ বছর বয়সী প্রায় ১.১৫ কোটি মেয়েকে এই টিকা দেওয়া হবে৷ এই টিকা বহু জটিল রোগ প্রতিরোধে সাহায্য করবে৷ এইচপিভি ১৬ আর ১৮ রুখতে সক্রিয় ভূমিকা নেয় এই টিকা৷
১৪ বছরের বেশি বয়স হলে কি এই টিকা নেওয়া যাবে?
যাদের বয়স ১৪ বছরের বেশি বা যাঁরা টিকা নেওয়ার পূর্বে যৌন সংসর্গ করেছেন তাঁরাও চাইলে এই টিকা নিতে পারবেন৷ তবে প্রথম টিকা নেওয়ার পর যদি অ্যালার্জি হয় তাহলে এই টিকার দ্বিতীয় ডোজ নেওয়া যাবে না৷ অন্তঃসত্ত্বাদের এই টিকা দেওয়া যাবে না।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ( HPV) কী?
জরায়ুমুখের ক্যানসার এক প্রকার সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যৌন সম্পর্কে সক্রিয় প্রায় সকলেরই এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে৷ এই সংক্রমণ হলে তেমন ভাবে বোঝা যায় না৷ কিছু ক্ষেত্রে এই সংক্রমণ সেরে যায় কিছু ক্ষেত্রে সংক্রমণ বেড়ে গেলে তা ক্যানসারের কারণ হতে পারে৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ বছরের ঊর্ধ্বে সব মেয়েদের এই টিকা দেওয়ার কথা সুপারিশ করত৷ এর ফলে ভবিষ্যতে এই সংক্রমণ এবং তার থেকে ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে৷
