নখ সুন্দর দেখাতে নেলপলিশ ব্যবহার করেন প্রায় সব মহিলাই। এখন তো শুধু বিশেষ অনুষ্ঠান নয়, অনেকে রোজকার জীবনেও বিভিন্ন রঙের নেলপলিশ  লাগান। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, অতিরিক্ত নেলপলিশ ব্যবহার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। কিছু রাসায়নিক দীর্ঘদিন ধরে শরীরে গেলে নানা সমস্যা তৈরি করতে পারে, এমনকী ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে বলে সতর্ক করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক নেলপলিশ এমন কিছু কেমিক্যাল থাকে যা শরীরের পক্ষে খুব একটা ভাল নয়। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ফর্মালডিহাইড, টলুইন এবং ডিবিপি নামে তিনটি রাসায়নিক। এগুলি নখে লাগানোর সময় গন্ধের মাধ্যমে বা ত্বকের সংস্পর্শে ধীরে ধীরে শরীরে প্রবেশ করতে পারে।

ফর্মালডিহাইড এমন একটি রাসায়নিক, যা দীর্ঘদিন বেশি পরিমাণে শরীরে গেলে ক্যানসারের ঝুঁকি বাড়াতে বলে বিভিন্ন গবেষণায় বলা হয়েছে। এছাড়া এটি চোখে জ্বালা, গলায় অস্বস্তি, শ্বাসকষ্ট বা ত্বকে অ্যালার্জির মতো সমস্যাও তৈরি করতে পারে। টলুইন বেশি মাত্রায় শরীরে গেলে মাথা ঘোরা, বমি বমি ভাব বা স্নায়ুর সমস্যা হতে পারে। অন্যদিকে, ডিবিপি হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়।

শুধু শরীরই নয়, অতিরিক্ত নেলপলিশ নখেরও ক্ষতি করতে পারে। অনেকের নখ হলদেটে হয়ে যায়, সহজে ভেঙে যায় বা শুকনো ও দুর্বল হয়ে পড়ে। বারবার নেল পলিশ রিমুভার ব্যবহার করলেও নখের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়।

তবে ভয় পাওয়ার কিছু নেই বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সব নেলপলিশ সমান ক্ষতিকর নয়। এখন বাজারে অনেক 'টক্সিন-ফ্রি' বা কম কেমিক্যালযুক্ত নেল পলিশ পাওয়া যায়। তাই পণ্য কেনার আগে লেবেল দেখে নেওয়া খুব জরুরি। '৩-ফ্রি', '৫-ফ্রি', '৭-ফ্রি' লেখা থাকলে সাধারণত কিছু ক্ষতিকর রাসায়নিক সেখানে থাকে না বা কম থাকে।

নেলপলিশ ব্যবহার করলে কিছু নিয়ম মানা ভাল। প্রতিদিন না লাগিয়ে মাঝে মাঝে নখকে বিশ্রাম দেওয়া উচিত। খুব সস্তা বা নিম্নমানের পণ্য ব্যবহার না করাই শ্রেয়। নেলপলিশ লাগানোর সময় ঘরে যেন বাতাস চলাচল করে, সেটাও গুরুত্বপূর্ণ।

চিকিৎসকদের মতে, সৌন্দর্যচর্চা অবশ্যই করা যেতে পারে, কিন্তু নিজের শরীরের যত্নও সমান জরুরি। তাই নিয়মিত নেলপলিশ ব্যবহার করলে সচেতন থাকা এবং নিরাপদ পণ্য বেছে নেওয়াই সবচেয়ে ভাল উপায়।