গরমকাল মানেই আমের মরশুম। বছরের এই কয়েকটা মাস আমপ্রেমীদের কাছে যেন উৎসবের সময়।
পাকা আম দিয়ে যেমন নানা রকম মিষ্টি ও ডেজার্ট তৈরি করা যায়, তেমনই বানানো যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর পানীয়।
তীব্র গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং ক্লান্তি দূর করতে আম-ছাতুর শরবত হতে পারে দারুণ একটি বিকল্প।
ছাতু এমনিতেই গরমের দিনে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। এটি শরীরকে ঠান্ডা রাখে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং এনার্জি জোগায়। অন্যদিকে, আম যোগ করে মিষ্টি স্বাদ ও ফলের সুবাস। এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হয় এক অনন্য পানীয়।
উপকরণ: পাকা আম ২-৩টি, ছাতু ৪-৫ টেবিল চামচ, শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, মৌরি, এক চিমটি হিং, বিটনুন, গুড়, ঠান্ডা জল, বরফ, পুদিনা পাতা, গন্ধরাজ লেবুর রস
প্রথমে শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, মৌরি, হিং এবং সামান্য বিটনুন একসঙ্গে শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিন। ঠান্ডা হলে সব উপকরণ গুঁড়ো করে একটি মশলা তৈরি করে রাখুন। এই বিশেষ মশলাই শরবতের স্বাদকে অন্য মাত্রা দেবে।
আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর মিক্সিতে দিয়ে মসৃণ পিউরি তৈরি করুন।
একটি বড় পাত্রে প্রয়োজনমতো ঠান্ডা জল নিয়ে ছাতু ভালভাবে গুলে নিন। সাধারণত প্রতি গ্লাস জলের জন্য ২ টেবিল চামচ ছাতু ব্যবহার করা হয়। ঘন শরবত পছন্দ হলে ছাতুর পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারেন।
এবার ছাতুর জলের সঙ্গে আমের পিউরি মিশিয়ে দিন। স্বাদমতো গুড় যোগ করুন। এরপর বিটনুন এবং আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো মেশান। কিছু পুদিনা পাতা কুচিয়ে বা হালকা বেটে শরবতে দিয়ে দিন।
সব উপকরণ ভালভাবে মিশিয়ে নেওয়ার পর গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিন। আবার একবার নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে সুগন্ধি আম-ছাতুর শরবত।
পরিবেশনের সময় গ্লাসে বরফ দিন। উপরে সামান্য আম কুচি এবং কয়েকটি পুদিনা পাতা ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন।
গরম দুপুরে এই পানীয় শুধু তৃষ্ণাই মেটাবে না, শরীরকেও রাখবে চাঙ্গা ও সতেজ।















