ম্যানচেস্টারের ডিনসগেটে কাবাব অর্ডার করার সময় ফোনের বাক্সে আটকে পড়েন এক ব্যক্তি।  খাবার অর্ডার করার জন্য লোকটি ফোন ব্যবহার করতে চেয়েছিলেন৷ লাল ফোন বুথে প্রবেশ করার পর তিনি আটকে পড়েন৷ ঘটনাস্থলে দমকল পৌঁছে তাঁকে উদ্ধার করেন দমকলকর্মীরা৷ 

 প্রতিবেদন অনুসারে, বুথের ভিতরে কোনও ফোন ছিল না যেটা কাজ করে৷ ভদ্রলোক ফোন বুথে ঢুকতেই ভারী দরজাটি তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। ভদ্রলোক কারও সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারেননি৷ এক ঘন্টারও বেশি সময় ধরে ভিতরে আটকে থাকেন তিনি। লোকটির সাথে থাকা বন্ধুরা দরজা খোলার চেষ্টা করলে ব্যর্থ হন। 

প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি ভিডিয়ো করছিলেন। সেই সময় অনেকেই ফোনবাক্স থেকে লাথি মেরে বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছিলেন৷ ভদ্রলোক কেবল বুথের নীচের অর্ধেক অংশে থাকা একটি কাচের প্যানেল সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিলেন৷ তার পরেও বাইরে বেরিয়ে আসতে পারেননি৷ 

সূত্রের খবর, বিটি ইঞ্জিনিয়ারদের কাছেই এই ফোনবাক্স খোলার চাবি ছিল৷ চাবি ছাড়া বাইরে আসার অন্য কোনও উপায় ছিল না৷ বন্ধুরা প্রায় এক ঘন্টা চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষে দমকলকে ফোন করা হয়৷ 

দমকলকর্মীরা এসে ভদ্রলোককে উদ্ধার করলে তিনি সুস্থ অবস্থায় বাইরে বেরিয়ে আসেন৷ ঘটনাটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই বিভিন্ন মতামত ভেসে আসছে৷ কেউ লিখেছেন ভদ্রলোক মদ্যপ ছিলেন। আবার কেউ মজা করে লিখেছেন, এত কষ্ট করে শেষমেষ কি ভদ্রলোক কাবাব খেতে পারলেন?