আজকাল ওয়েবডেস্ক: দেবী দুর্গার গমনের পরেই ঘরে আসেন মা লক্ষ্মী। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে আরাধ্য হন লক্ষ্মী দেবী। এই পুজো কোজাগরী লক্ষ্মী পুজো নামে পরিচিত। শাস্ত্র মতে বলা হয়, মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট হন। কিন্তু উপযুক্ত নিয়মাবলী ও কিছু বিধিনিষেধ মেনে দেবীকে আহ্বান জানালে ভক্তের সিদ্ধি লাভ হয়। 

 

 

 

দেবী লক্ষ্মীর পছন্দের ফুল পদ্ম। কোজাগরীতে আরও দু'টি ফুল দিয়ে পুজো দেওয়া যায় লক্ষ্মী দেবীর। জ্যোতিষশাস্ত্র অনুসারে পদ্ম ফুল মা লক্ষ্মীর খুব প্রিয়। এছাড়াও আরও অনেক ফুল আছে যা মা লক্ষ্মীর পছন্দ। শাস্ত্র মতে গাঁদা ফুল ভগবান বিষ্ণুর খুব প্রিয়, যে কারণে তিনি দেবী লক্ষ্মীকে গাঁদা ফুল অর্পণ করে প্রসন্ন হন। তাই পুজোয় দিতে পারেন গাঁদা ফুল।

 

 

 

হিন্দু ধর্মে নারকেলকে অত্যন্ত শুভ মনে করা হয়। কথিত আছে নারকেল লক্ষ্মীর প্রিয় ফল। একে শ্রীফল বলা হয় কারণ মা লক্ষ্মীর অপর নাম শ্রী। প্রসাদ হিসাবে মা লক্ষ্মীকে নারকেলের নাড়ু, কাঁচা নারকেল অর্পণ করা হয়। এছাড়া পানি ফল এবং পদ্মবীজ বা মাখানাও মা লক্ষ্মীর প্রিয় ফল হিসাবে পরিচিত। তাই লক্ষ্মীপুজোতে এই দুটি ফলও দেওয়া হয়।

 

 

 

কোজাগরী পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তবে পুজো করার সময় কিছু বিষয় মাথায় রাখুন। সেই বিষয়গুলি মেনে চললে মা লক্ষ্মীর কৃপায় কখনও অর্থের অভাব হয় না। লাল গোলাপ ও গাঁদা ফুল খুব পছন্দ করেন দেবী। এই দুই ফুল লক্ষ্মী দেবীকে অর্পণ করলে জীবনে সুখ,শান্তি আসবেই।