ঝিঙে খেতে একদমই ভাল লাগে না। বা বাড়ির কোনও ছোট সদস্যকে কোনও ভাবেই এই সবজি খাওয়াতে পারছেন না? বা ঝিঙে খেলেও, খোসা ফেলে দেন? তাহলে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে বাটা বানিয়ে খাওয়ান। স্বাদ লেগে থাকবে মুখে। জেনে নিন কীভাবে ঝটপট বানাবেন এই পদ।
ঝিঙে চিংড়ি বাটা বানাতে কী কী লাগবে আগে জেনে নিন। এই পদ বানাতে ঝিঙে এবং চিংড়ি তো অবশ্যই লাগবে। সঙ্গে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সাদা তিল, পোস্ত, কালো জিরে, সর্ষের তেল লাগবে।
সবার আগে ঝিঙের খোসাগুলো মোটা করে কেটে টুকরো করে পিস করে নিন। তারপর ভাল করে ধুয়ে নিন। একই ভাবে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে নুন, হলুদ মাখিয়ে মাছগুলো ভাল করে ভেজে তুলে নিন।
ওই কড়াইয়ে এবার রসুন, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিন। তার মধ্যে দিয়ে দিন ঝিঙের খোসাগুলো। দিয়ে দিতে পারেন কয়েক টুকরো ঝিঙেও। উপর থেকে স্বাদ মতো নুন ছড়িয়ে ভাল করে ভেজে নিন। খোসা এবং ঝিঙে নরম ও সেদ্ধ হয়ে এলে তুলে নিন।
মিক্সিতে এবার পেঁয়াজ, রসুন সহ ঝিঙের খোসা ও ঝিঙে দিয়ে দিন। সঙ্গে দিন এক চামচ সাদা তিল। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। চাইলে শিলনোড়াতেও বেতে নিতে পারেন।
এবার কড়াইয়ে এবার সর্ষের তেল গরম করুন। তাতে কালো জিরে, শুকনো লঙ্কা এবং পোস্ত ফোড়ন দিন। হালকা নেড়ে দিয়ে দিন এই ঝিঙে চিংড়ি বাটা। ভাল করে ভেজে তুলে নিলেই তৈরি চিংড়ি ঝিঙে বাটা। যদি চান কয়েক টুকরো ভাজা চিংড়ি মাছ কুচি করে বা গোটা উপর থেকে ছড়িয়ে পরিবেশন করুন। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই পদ!















