’জেলি নেইলস’ নখের সৌন্দর্যে এটাই এখন সবচেয়ে আলোচিত এবং ট্রেন্ডিং বিষয়৷ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিউটি ব্লগ, সব জায়গাতেই এই ট্রান্সলুসেন্ট ম্যানিকিউর নজর কাড়ছে। মূলত ৯০-এর দশকের 'জেলি' ফ্যাশনের নস্টালজিয়া থেকেই এই ট্রেন্ডের পুনর্জন্ম, তবে আধুনিক টেকনোলজির ছোঁয়ায় তা এখন আরও স্টাইলিশ ও গ্ল্যামারাস হয়ে উঠেছে।
সাধারণ নেইল পলিশ যেখানে পুরো নখ ঢেকে দেয়, সেখানে জেলি নেইলসে নখের প্রাকৃতিক অংশ কিছুটা দেখা যায়। ফলে এটি দেখতে অনেকটা রঙিন কাঁচ বা জেলির মতো লাগে।
আপনি চাইলে এক কোট নখের উপর দিয়ে হালকা রং রাখতে পারেন, আবার একাধিক লেয়ার দিয়ে রঙকে গাঢ় করতে পারেন। ফলে এক রঙ দিয়েই তৈরি করা যায় একাধিক স্টাইল৷ এই জন্যই এত জনপ্রিয় জেলি নেলস৷
জেলি নেইলস সাধারণত তৈরি হয় বিশেষ ধরনের শিয়ার (sheer) জেল বা নেইল পলিশ দিয়ে। প্রথমে নখ পরিষ্কার করে বেস কোট দেওয়া হয়, তারপর পাতলা স্তরে জেলি কালার লাগানো হয়। প্রতিটি স্তর শুকিয়ে বা কিউর করে নেওয়ার পর উপরে টপ কোট দেওয়া হয়, যা সেই গ্লসি, 'ভেজা' লুক তৈরি করে৷
শুধু ট্রান্সলুসেন্ট পলিশ বা রঙিন পলিশের সঙ্গে ক্লিয়ার টপ কোট মিশিয়ে আপনি নিজেই জেলি ইফেক্ট তৈরি করতে পারেন। প্যাস্টেল থেকে শুরু করে নিয়ন, এমনকি গ্লিটার বা ওমব্রে ডিজাইন—সব কিছুতেই এই ট্রেন্ড মানিয়ে যায়। তাই এটি যেমন ক্যাজুয়াল লুকের জন্য উপযুক্ত, তেমনই পার্টি বা ফেস্টিভ লুকেও সমানভাবে আকর্ষণীয়।















