আজকাল ওয়েব ডেস্ক: শীত আসছে। গরম, বৃষ্টি পেরিয়ে কড়া নাড়ছে ঠান্ডা। এদিকে আবহাওয়ার খামখেয়ালিপনায় ঘরে ঘরে শুরু হয়েছে সর্দি, কাশি-জ্বর। আসলে হাওয়া বদলের এই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে জাঁকিয়ে বসে নানান অসুখ। যার জন্য কড়া ওষুধ নয়, বরং ঘরোয়া কয়েকটি টোটকা মেনে চললেই থাকবেন সুস্থ। রইল তারই হদিশ।
হলুদ দুধ: এক গ্লাস গরম দুধে দুই চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে পান করুন। এতে নাক এবং গলা ব্যথায় উপকার পাবেন। রাতে শোওয়ার সময়েও হলুদ দুধ খেতে পারেন।
তুলসি: ঠান্ডায় ওষুধের মতো ফল দেয় তুলসি । সর্দি-কাশি হলে ৮ থেকে ১০টি পাতা জলে ফুটিয়ে নিন। এবার ছেঁকে খেয়ে নিন। আবার ৬-৭ ফোঁটা আদা ও তুলসির রস মধুর সঙ্গে মিশিয়ে খেলেও উপকার পাবেন। শিশু কিংবা প্রাপ্তবয়স্ক সকলেই খেতে পারেন।
গোল মরিচ: মধুর সঙ্গে গোল মরিচের গুঁড়ো খেলে সর্দি থেকে আরাম পাওয়া যায় এবং নাক দিয়ে জল পড়া কমে । এছাড়াও হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং এক চা চামচ চিনি মিশিয়ে দিনে দু'বার এক গ্লাস গরম দুধের সঙ্গে পান করুন ।
আদা: সর্দি-কাশির জন্য আদা দুধে ফুটিয়ে পান করুন । আদার রস মধুর সঙ্গে মিশিয়ে খেলেও ঠান্ডায় স্বস্তি পাওয়া যায়। ১-২টি আদা, ২টি গোল মরিচ, ৪টি লবঙ্গ এবং ৫-৭টি তুলসি পাতা পিষে এক গ্লাস জলে ফুটিয়ে নিন । ফুটে উঠলে তাতে এক চামচ মধু মিশিয়ে পান করুন ।
রসুন: রসুনে পাওয়া অ্যালিসিন নামক রাসায়নিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল । এটি ঠান্ডা এবং ফ্লু সংক্রমণ দূর করে। যার জন্য ৬-৮টি রসুনের কুঁচি ঘিতে ভেজে খেলে ঠান্ডা থেকে মুক্তি পাওয়া যায় ।
















