আজকাল ওয়েব ডেস্ক: রূপচর্চার প্রসঙ্গ এলে শুধুই মহিলাদের নিয়েই কথা হয়। পুরুষদের ত্বকেরও যে চাই পরিচর্যা। আসলে বেশিরভাগ পুরুষ মনে করেন,  ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া আর শীতকালে কোল্ড ক্রিম মাখা। অনেকেই জানেন না, পুরুষদের ত্বক মহিলাদের চেয়ে বেশি তৈলাক্ত হয়। একে তো সারাদিন রোদে, ধুলোধোঁয়ার মধ্যে ঘুরে ছেলেদের ত্বকের দফারফা হয়ে যায়, সঙ্গে ত্বকের পরিচর্যার অভাব। তাই পুরুষদের ত্বকে বয়সের ছাপ পড়তে দেরি লাগে না! তাহলে ছেলেরা কোন উপায়ে ত্বকে বয়সের ছাপ আটকে রাখবেন? রইল তারই হদিশ। 

দিনে দু’বার ফেসওয়াশ ব্যবহার করতে পারলে ভাল। বাইরে থেকে ফিরলেই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়ার চেষ্টা করুন। ত্বক অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করা জরুরি। 

সপ্তাহে অন্তত তিন দিন এক্সফোলিয়েশন করুন। এক্সফোলিয়েশনে ফলে ত্বকের মরা কোষ দূর হয়। এতে ত্বক ভিতর থেকে সতেজ এবং জেল্লাদার হয়ে ওঠে। ঘরোয়া উপাদান দিয়ে স্ক্রাব করতে পারেন। 

বেশিরভাগ সময়ে চোখের নীচের অংশের ত্বক কুঁচকে যেতে দেখা যায়। সেক্ষেত্রে নিয়মিত  ভিটামিন কে আছে এমন সিরাম ব্যবহার করুন।  

খাওয়াদাওয়ায় যত্ন নিন। নিয়মিত ফল এবং স্যালাড খান। সঙ্গে ডায়েটে রাখতে হবে প্রোটিনও। প্রোটিন শুধু শরীরে শক্তি জোগায় না,  ভিতর থেকে টান টান রাখে। 

 দিনে অন্তত তিন থেকে চার  লিটার জল খেলে ত্বক ভাল থাকবে। যত বেশি জল খাবেন, ত্বক তত সতেজ থাকবে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বেশি করে জল খাওয়া জরুরি।