মেঘলা দিন মানেই আকাশ জুড়ে মেঘের আনাগোনা, রোদের লুকোচুরি আর এক অদ্ভুত শান্ত পরিবেশ। জানলার বাইরে তাকালে দেখা যায় ধূসর আকাশের ক্যানভাস, যা মনকে নিমেষেই একটু উদাসী আর রোমান্টিক করে তোলে। এই রকম দিনে প্রকৃতির রূপটাই বদলে যায়—গাছের পাতাগুলো আরও সবুজ দেখায়, সঙ্গে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে শরীর ও মন দুটোকেই জুড়িয়ে দেয়।এমন একটা দিনে দৈনন্দিন ব্যস্ততা যেন কিছুটা থমকে দাঁড়ায়। তার উপর সেদিন যদি ছুটির দিন হয়, তাহলেতো ইচ্ছে করেই সব কাজ একপাশে সরিয়ে রেখে ঘরের কোণে বসে একটা ভাল বই পড়তে কিংবা প্রিয় কোনো গান শুনতে শুনতে এক কাপ গরম চা বা কফিতে চুমুক দিতে। আর বাঙালির জন্য মেঘলা দিন মানেই তো দুপুরের মেনুতে ধোঁয়া ওঠা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বা ডিমের অমলেট।বাইরে যখন ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে, তখন ঘরের নরম আলোয় প্রিয়জনদের সাথে গল্প করার আনন্দই আলাদা। মেঘলা দিন আমাদের শেখায় একটু থামতে, যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে নিজের মতো করে সময় কাটাতে এবং প্রকৃতির এই শান্ত রূপকে মন থেকে অনুভব করতে।
ঘরের অন্দরে অলস দুপুর কাটাতেমন চাইছে? বাইরে যখন মেঘ জমেছে, তখন ঘরের কোণে বসে অলস সময় কাটানোর জন্য বেছে নিতে পারেন এই কাজগুলো:
রুম রি-অ্যারেঞ্জ: ঘরের আসবাবপত্রের জায়গা বদলে সম্পূর্ণ নতুন একটি লুক দিন।
আলমারি গোছানো: আলমারির পুরনো বা অব্যবহৃত জামাকাপড় আলাদা করে গুছিয়ে ফেলুন।
নতুন রান্না শেখা: ইউটিউব দেখে সম্পূর্ণ নতুন কোনো কুজিন বা বেকিং রেসিপি ট্রাই করুন।
রিল্যাক্স মেজাজে কিছু করতে চান? একটু আরামপ্রিয় মানুষদের জন্য মেঘলা দিনে নিজেকে সময় দেওয়ার দারুণ কিছু উপায় -
মুভি ম্যারাথন: পপকর্ন নিয়ে প্রিয় কোনও দুরন্ত সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে বসে যান।
গল্পের বই ও গান: জানলার পাশে হালকা আলোয় প্রিয় বই পড়ুন এবং ব্যাকগ্রাউন্ডে ধীর লয়ের মিষ্টি, মনকেমন মিউজিক চালিয়ে দিতে পারেন।
ত্বকের পরিচর্যা : ঘরেই ফেসপ্যাক বা স্ক্রাব বানিয়ে কিছুটা সময় নিজের ত্বকের যত্ন নিতে পারেন।
ঘরে থাকতে যাঁদের একদমই ভাল লাগে না, এই মেঘলা ও মনোরম আবহাওয়ায় তাঁদের জন্যও রয়েছে দারুণ কিছু অপশন:
ফটোগ্রাফি প্র্যাকটিস: মেঘলা দিনের নরম আলো (যাকে ছবির ভাষায় বলে সফ্ট লাইট) পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ ছবি তোলার জন্য সেরা। ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়তে পারেন। ক্যামেরা না থাকলে কুছ পরোয়া নেহি, স্মার্টফোন আছে তো?
গাছের যত্ন: রোদের তাপ না থাকায় এই আবহাওয়া বাগানে নতুন চারা রোপণ বা ছাঁটাইয়ের জন্য দারুণ।
হালকা শরীরচর্চা: মেঘলা রোদে বাইরে গিয়ে ঘাম ঝরানো বা ব্যায়াম করা কিন্তু অনেক বেশি আরামদায়ক।
লং ড্রাইভ বা হাঁটা: প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ছাতা মাথায় দিয়ে বা গাড়িতে হালকা মিউজিক চালিয়ে ঘুরতে বেরিয়ে পড়তে পারেন।
ক্যাফে হপিং: শহরের কোনও সুন্দর ক্যাফেতে জানলার ধারের সিটে বসে ধোঁয়া ওঠা কফি আর স্ন্যাক্স উপভোগ করুন।
প্রকৃতি পর্যবেক্ষণ: কাছের কোনও পার্ক বা লেকের পাড়ে বসে মেঘের আনাগোনা দেখুন পাকিদের কলকাকলি শুনুন এক মনে আর ঠান্ডা হাওয়া গায়ে মাখুন। মন এক নিমেষে হয়ে যাবে শান্ত।
















