আপনার পা হৃদরোগের আগাম ইঙ্গিত দিতে পারে। শুনতে একটু অদ্ভুত লাগলেও, বাস্তবেই কিছু ক্ষেত্রে এমনটা হতে পারে। তবে পা দেখে সরাসরি হার্টের রোগ ধরা যায় না। কিন্তু পায়ের কিছু লক্ষণ শরীরের রক্ত চলাচলের সমস্যার কথা জানায়, আর এই সমস্যার সঙ্গে হৃদরোগের গভীর সম্পর্ক রয়েছে।
আমাদের শরীরের একেবারে নিচে থাকে পা। তাই হৃদপিণ্ড থেকে রক্ত ঠিকমতো পা-এ পৌঁছতে না পারলে তার প্রভাব সবাত আগে এখানেই দেখা যায়। ধমনীতে চর্বি জমে রক্ত চলাচল কমে গেলে যে সমস্যা হয়, তাকে বলে পেরিফেরাল আর্টারি ডিজিজ। এই রোগ থাকলে ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়।
পায়ে কী কী লক্ষণ দেখলে সতর্ক হবেন
হাঁটার সময় যদি পায়ে টান ধরে বা ব্যথা হয়, একটু হাঁটলেই যদি পা ক্লান্ত লাগে-এগুলো সাধারণ ক্লান্তি নাও হতে পারে। আবার যদি দেখেন পা সবসময় ঠান্ডা লাগছে, ত্বকের রং ফ্যাকাশে বা নীলচে হয়ে যাচ্ছে, কিংবা পায়ে ঝিনঝিনি বা অবশ ভাব হচ্ছে তাহলেও বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা উচিত। আরও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হল, পায়ে কোনও কাটা বা ঘা হলে তা অনেকদিনেও না শুকানো।
অনেক সময় পা বা গোড়ালি ফুলে যায়। এটাও হালকাভাবে নেওয়া ঠিক নয়। কারণ কিছু ক্ষেত্রে এটা হার্ট ফেলিওরের লক্ষণ হতে পারে। যখন হৃদপিণ্ড ঠিকমতো রক্ত পাম্প করতে পারে না, তখন শরীরে জল জমতে শুরু করে, আর তার প্রভাব পায়ে ফোলার মাধ্যমে দেখা যায়।
তাহলে কি শুধু পা দেখেই বুঝে যাবেন আপনার হার্টে সমস্যা আছে? না, এত সহজ নয়। তবে পায়ের এই ছোট ছোট পরিবর্তনগুলোকে শরীরের 'সতর্কবার্তা' হিসেবে ধরতে পারেন। অনেক সময় বড় রোগের আগেই এই লক্ষণগুলো দেখা দেয়।
এক্ষেত্রে নিয়মিত হাঁটাচলা বা হালকা ব্যায়াম করুন, ধূমপান এড়িয়ে চলুন, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পায়ে যদি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন, তা অবহেলা করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
সবমিলিয়ে, পা সরাসরি হৃদরোগ ভবিষ্যদ্বাণী করে না, কিন্তু শরীরের ভেতরের সমস্যার ইঙ্গিত দিতে পারে। তাই পায়ের যত্ন নিন, আর ছোট লক্ষণকেও গুরুত্ব দিন। তাহলেই বড় বিপদ অনেকটাই এড়ানো সম্ভব।















