অনেক সময় আমরা ভাবি, সুস্থ থাকতে গেলে দামি ওষুধ বা বড় চিকিৎসার দরকার। কিন্তু চিকিৎসকেরা বলছেন, মাত্র ২০ সেকেন্ডের একটি সহজ অভ্যাসই আমাদের বহু রোগ থেকে বাঁচাতে পারে। যা হল ঠিকভাবে হাত ধোওয়া।

হাতই হল জীবাণু ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম। সারাদিনে আমরা মোবাইল, দরজার হাতল, টাকা, বাস-ট্রেনের সিট এমন অসংখ্য জিনিস ছুঁই। এই সব জায়গায় নানা ধরনের জীবাণু থাকে, যা সহজেই হাতে লেগে যায়। এরপর আমরা যদি সেই হাত দিয়ে চোখ, নাক বা মুখ স্পর্শ করি, তাহলে জীবাণু শরীরে ঢুকে পড়ে। তখনই শুরু হয় নানা অসুখ।

বিশেষজ্ঞদের মতে, নিয়ম করে হাত ধুলে ডায়রিয়া, সর্দি-কাশি, ফ্লু, পেটের সংক্রমণ এমনকি টাইফয়েড বা কলেরার মতো গুরুতর রোগের ঝুঁকিও অনেক কমে যায়। অর্থাৎ এই ছোট অভ্যাসটি আপনার শরীরকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।

তবে শুধু জল দিয়ে হাত ভিজিয়ে নিলেই হবে না, সঠিকভাবে হাত ধোওয়া খুব জরুরি। অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ভাল করে ঘষতে হবে। হাতের তালু, হাতের পিঠ, আঙুলের ফাঁক, নখের নিচ—সব জায়গা পরিষ্কার করতে হবে। কারণ এই জায়গাগুলোতেই সবচেয়ে বেশি ময়লা ও জীবাণু জমে থাকে।

দিনের কিছু নির্দিষ্ট সময়ে হাত ধোওয়া খুবই প্রয়োজন। যেমন খাওয়ার আগে ও পরে, টয়লেট ব্যবহারের পর, বাইরে থেকে বাড়ি ফেরার পর, হাঁচি বা কাশি দেওয়ার পর কিংবা অসুস্থ কারও দেখাশোনা করার আগে ও পরে। এই সময়গুলোতে হাত পরিষ্কার রাখলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায়।

অনেকে ভাবেন, স্যানিটাইজার ব্যবহার করলেই হাত পরিষ্কার হয়ে যায়। কিন্তু সব সময় তা ঠিক নয়। হাত যদি খুব নোংরা থাকে, তাহলে সাবান ও জল দিয়ে ধোওয়াই সবচেয়ে ভাল উপায়। স্যানিটাইজার সব ধরনের জীবাণু দূর করতে পারে না।

সবমিলিয়ে, মাত্র ২০ সেকেন্ড সময় নিয়ে নিয়ম করে হাত ধোওয়া আপনার দৈনন্দিন জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ অভ্যাস হওয়া উচিত। এই ছোট্ট অভ্যাসই আপনাকে ও আপনার পরিবারকে অনেক বড় অসুখ থেকে সুরক্ষিত রাখতে পারে।