একসময় মাসের শেষে বেতনের টাকাই ছিল সংসারের ভরসা। এখন পরিস্থিতি বদলেছে। বর্তমানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবেতেই বাড়ছে খরচ। ক্রমশ শুধু মাসিক বেতনের উপর নির্ভর করে সংসার চালানো কঠিন হয়ে উঠেছে।তাই তো ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে এখন অনেকেই মূল পেশার পাশাপাশি অতিরিক্ত আয়ের পথ খুঁজছেন। তবে বাড়তি রোজগার বলতে এখন আর টিউশন, ফ্রিল্যান্সিং বা ছোটখাটো ব্যবসাকে বোঝায় না। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তৈরি হয়েছে আয়ের নতুন নতুন সুযোগও। আজকাল এমন অনেক কাজ রয়েছে, যেগুলি শুনতে বেশ অদ্ভুত লাগলেও যার মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে অনেক মানুষ মোটা টাকা আয় করছেন। এর মধ্যে কিছু কাজ বাড়িতে বসেই করা যায়, আবার কয়েকটি কাজের জন্য দিনে মাত্র কয়েক ঘণ্টা সময় দিলেই চলে। আপনার দক্ষতা, আগ্রহ কিংবা অবসর সময়কে কাজে লাগিয়ে তৈরি করতে পারেন অতিরিক্ত আয়ের নতুন রাস্তা।

* পেশাদার ঘুমকাতুরে: শুনতে অবিশ্বাস্য লাগলেও বিভিন্ন সংস্থা নতুন ম্যাট্রেস, বালিশ বা ঘুমের মান নিয়ে গবেষণা করার জন্য মানুষকে ঘুমানোর বিনিময়ে টাকা দেয়। নির্দিষ্ট সময় ঘুমিয়ে নিজের অভিজ্ঞতা জানালেই পারিশ্রমিক পেতে পারেন।

* খাবারের স্বাদ পরীক্ষকঃ নতুন বিস্কুট, চকোলেট, পানীয় বা অন্য খাবার বাজারে আনার আগে সংস্থাগুলি কিছু মানুষের মাধ্যমে সেগুলির স্বাদ পরীক্ষা করায়। খাবারের স্বাদ, গন্ধ ও মান সম্পর্কে মতামত দিলেই আয় করা সম্ভব।

* ওয়েবসাইট বা অ্যাপ পরীক্ষা করাঃ অনেক সময় নতুন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ চালুর আগে সাধারণ মানুষকে দিয়ে সেটি ব্যবহার করায়। কোথায় সমস্যা হচ্ছে, ব্যবহার করতে সুবিধা হচ্ছে কিনা, এসব জানিয়ে দিলেই পারিশ্রমিক পাওয়া যায়। প্রযুক্তি সম্পর্কে খুব বেশি জ্ঞান না থাকলেও এই কাজ করা সম্ভব।

* অনলাইনে সমীক্ষায় অংশ নেওয়াঃ বিভিন্ন সংস্থা নতুন পণ্য বা পরিষেবা সম্পর্কে মানুষের মতামত জানতে অনলাইন জরিপ চালায়। প্রতিটি সমীক্ষার জন্য খুব বেশি টাকা না মিললেও নিয়মিত অংশ নিলে ভাল অঙ্কের অতিরিক্ত আয় হতে পারে।

* নিজের জিনিস ভাড়া দেওয়াঃ আপনার বাড়িতে যদি অতিরিক্ত ঘর, গ্যারেজ, ক্যামেরা, সাইকেল বা অন্য কোনও ব্যবহারযোগ্য জিনিস থাকে, তাহলে তা ভাড়া দিয়ে অতিরিক্ত আয় করতে পারেন। বর্তমানে এই ধরনের পরিষেবার চাহিদা অনেক বেড়েছে।

* পোষ্য প্রাণীর দেখাশোনাঃ অনেকেই বেড়াতে গেলে বা অফিসের কাজে বাইরে গেলে তাঁদের পোষ্য প্রাণীকে দেখাশোনার জন্য নির্ভরযোগ্য মানুষের খোঁজ করেন। ভালবাসলে এই কাজ করেও ভাল রোজগার করা যায়।

* ডিজিটাল পণ্য বিক্রিঃ যাঁরা ডিজাইন, ছবি, নোট, ই-বুক বা বিভিন্ন ধরনের ডিজিটাল টেমপ্লেট তৈরি করতে পারেন, তাঁরা সেগুলি অনলাইনে বিক্রি করে দীর্ঘদিন আয় করতে পারেন। একবার তৈরি করা পণ্য বারবার বিক্রি হওয়ায় এটি 'প্যাসিভ' ইনকামের উৎস হতে পারে।

* কনটেন্ট বা ভয়েস রেকর্ডিং: বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, অডিওবুক, ভিডিও এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ভয়েস রেকর্ডিং, ছোট কনটেন্ট লেখা বা ডেটা লেবেলিংয়ের মতো কাজের চাহিদা দ্রুত বাড়ছে। বাড়িতে বসেই এই ধরনের কাজ করে অতিরিক্ত আয় করা সম্ভব।

কাজ শুরুর আগে অবশ্যই মনে রাখবেন

যে কোনও অনলাইন কাজ শুরু করার আগে সংস্থার বিশ্বাসযোগ্যতা যাচাই করুন। কোনও সংস্থা যদি কাজ দেওয়ার আগে টাকা চায় বা অবাস্তব আয়ের প্রতিশ্রুতি দেয়, তাহলে সতর্ক থাকুন। নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে কাজ করলে এই অদ্ভুত পেশাগুলিও আপনার নিয়মিত বাড়তি আয়ের ভাল মাধ্যম হতে পারে।

আজকের দিনে আয় বাড়ানোর জন্য সবসময় বড় ব্যবসা শুরু করতে হবে, এমন নয়। নিজের দক্ষতা, সময় এবং আগ্রহকে কাজে লাগিয়েও ছোট ছোট উপায়ে অতিরিক্ত রোজগার করা সম্ভব। তাই নতুন কিছু চেষ্টা করতে চাইলে এই পেশাগুলির মধ্যে আপনার জন্যও কোনও সুযোগ লুকিয়ে থাকতে পারে।