আমাদের রোজকার ব্যবহৃত এমন অনেক জিনিস রয়েছে যা অজান্তে শরীরের ক্ষতি করে। যার মধ্যে অন্যতম ডিশওয়াশ লিকুইড। এটি আমরা প্রতিদিন বাসন মাজার জন্য ব্যবহার করি। কিন্তু জানলে অবাক হবেন এই সাধারণ জিনিসই শরীরের বড় ক্ষতি করতে পারে। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে গবেষণায়। এমনকী বিজ্ঞানীরা বলছেন, ডিশওয়াশ লিকুইড হতে পারে রান্নাঘরের সবচেয়ে ক্ষতিকর জিনিসগুলোর মধ্যে একটি।

আসলে অনেক ডিশওয়াশ লিকুইডে এমন কিছু রাসায়নিক থাকে, যেগুলো জীবাণু মারার জন্য ব্যবহার করা হয়। এগুলো কাজের দিক থেকে ভাল হলেও, ত্বকের জন্য সবসময় নিরাপদ নয়। যারা নিয়মিত বাসন মাজেন, তাদের হাতে চুলকানি, র‍্যাশ বা জ্বালা হতে পারে। অনেক সময় এটি 'অ্যালার্জি' বা ত্বকের সমস্যা তৈরি করে। 

আরও একটা বিষয় হল, এই লিকুইড আমরা বাসনে ব্যবহার করার পর ভাবি সব ধুয়ে গিয়েছে। কিন্তু বাস্তবে অনেক সময় অল্প পরিমাণ সাবান বা কেমিক্যাল বাসনে লেগে থেকেই যায়। পরে সেই প্লেট বা গ্লাসে খাবার খেলে সেই কেমিক্যাল খুব অল্প পরিমাণে শরীরে ঢুকে যেতে পারে।

এছাড়া বিশেষজ্ঞের মতে, এই ধরনের কেমিক্যাল দীর্ঘদিন ব্যবহার করলে শরীরের হরমোনের ওপর প্রভাব ফেলতে পারে। যদিও সব ক্ষেত্রে তা প্রমাণিত নয়, তবুও সতর্ক থাকাই শ্রেয়। 

সবচেয়ে বেশি ঝুঁকি থাকে বাচ্চাদের। তারা ভুল করে যদি এই লিকুইড খেয়ে ফেলে, তাহলে মুখ, গলা বা পেটে জ্বালা করতে পারে। কারণ এগুলো খুব ঘন রাসায়নিক দিয়ে তৈরি। 

তাহলে কী করবেন? এই লিকুইড পুরোপুরি বন্ধ করা কঠিন। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে ঝুঁকি কমানো যায়। বাসন ভালভাবে বারবার জল দিয়ে ধুয়ে নিন। খুব বেশি পরিমাণে লিকুইড ব্যবহার করবেন না। বাসন মাজার সময় হাতে গ্লাভস ব্যবহার করতে পারেন। চেষ্টা করুন কম কেমিক্যালযুক্ত বা 'ন্যাচারাল' প্রোডাক্ট ব্যবহার করত। ব্যবহার শেষে হাত ভালোভাবে ধুয়ে নিন। 

সঠিকভাবে ব্যবহার করলে ডিশওয়াশ লিকুইড নিরাপদই থাকে। তবে একটু সাবধানতা রাখলে নিজের এবং পরিবারের স্বাস্থ্য আরও ভালভাবে রক্ষা করা সম্ভব।