আজকাল ওয়েবডেস্ক: স্বাস্থ্যগুণে ভরপুর ডাবের জলের জুড়ি মেলা ভার। গরমে এক চুমুক ডাবের জল খেলেই স্বস্তি। শরীরে জলের ঘাটতি পূরণ করার পাশাপাশি সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক-সহ নানা খনিজে পরিপূর্ণ ডাবের জল। দেহে খনিজ পদার্থের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই পানীয়। হাজারো উপকারিতার জন্য পুষ্টিবিদরা ডাবের জল খাওয়ার পরামর্শ দেন। কিন্তু এত রকমের স্বাস্থ্যগুণ থাকলেও, শরীরের বেশ কিছু সমস্যায় ডাবের জল খাওয়া উচিত নয়। জেনে নিন সেই বিষয়ে-
১. কিডনির সমস্যা- ডাবের জলে রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম। আর কিডনির সমস্যা হলে অনেকে পটাসিয়াম কমানোর ওষুধ খেয়ে থাকেন। সেক্ষেত্রে ডাবের জল খেলে শরীরের ক্ষতি হতে পারে।
২. ঠান্ডা লাগা- আপনার যদি ঘন ঘন ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকে তাহলে ডাবের জল খেলে সর্দি-কাশির প্রবণতা বাড়তে পারে।
৩. ডায়াবেটিস-ডাবের জলে প্রাকৃতিক সুগার থাকে, যার জন্য ডায়াবেটিক রোগীদের সীমিত পরিমাণে ডাবের জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যথায়, রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
৪. হজমের সমস্যা- ডাবের জল খেলে অনেকেরই পেটে ব্যথা, ডায়েরিয়ার মতো সমস্যা হয়। তাই হজম ক্ষমতায় এমন কিছু অনুভূত হলে অবশ্যই বুঝেশুনে ডাবের জল খাওয়া উচিত।
৫. অ্যালার্জি- যদি ডাবের জল খেলে চুলকানি, ত্বক লাল হয়ে যাওয়ার মতো সমস্যা হয় তাহলে এই পানীয় এড়িয়ে চলা উচিত। সেক্ষেত্রে ডাবের জল খেলে ত্বকে কোনও সমস্যা হচ্ছে কিনা সেবিষয়ে খেয়াল রাখুন।
