এমনই তো এমনই, হোয়াটসঅ্যাপেও অহরহ স্প্যাম কল আসছে? কাজের মাঝে লাগাতার অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসায় জেরবার? কাজে বিঘ্ন ঘটছে? বিষয়টা বিরক্তিকর হলেও এর থেকে সহজেই মুক্তি পেতে পারেন।
হোয়াটসঅ্যাপে এমন একটি ইনবিল্ট ফিচার আছে যার সাহায্যে আপনি চাইলে এই ধরনের কল এড়াতে পারবেন। তাও ব্লক না করেই। অনেকেই এই জনপ্রিয় সামাজিক মাধ্যমের ফিচারটির বিষয়ে জানেন না।
বর্তমান সময় জীবন যত বেশি ডিজিটাল হচ্ছে, স্ক্যামাররাও তত নতুন নতুন ফাঁদ পাতছে। হোয়াটসঅ্যাপেও আজকাল তারা ফোন করে নিজেদের ফাঁদে ফেলছে। আর না জেনে বুঝে সেই ফোন কল ধরে বিপদে পড়ছেন অনেকেই। সেটা না হলেও অজানা নম্বর থেকে ফোন আসা এড়াতে চাইলেও হোয়াটসঅ্যাপের সাইলেন্স আননোন কলার্স অপশন অন করুন। একবার অন করলে আর অজানা নম্বর থেকে ফোন আসবে না। আপনিও চিন্তা মুক্ত থাকবেন।
আগে জেনে নিন কী এই সাইলেন্স আননোন কলার্স ফিচার?
হোয়াটসঅ্যাপের এই ফিচার নিজে থেকে আপনার ফোনে যে নম্বর সেভ করা নেই, সেখান থেকে কল এলে সাইলেন্ট করে দেবে। অর্থাৎ অজানা নম্বর থেকে ফোন এলে বাজবে না বা ভাইব্রেট হবে না। ফলে আপনি ডিস্টার্বড হবেন না। তবে কোন নম্বর থেকে কল এসেছে সেটা কল লগ থেকে চাইলে দেখত পারবেন। কিন্তু আপনাকে অজানা নম্বরের কল এড়াতে বা প্রতারকদের খপ্পর থেকে বাঁচাবে।
কীভাবে এই ফিচার অন করবেন?
আপনার ফোনের হোয়াটসঅ্যাপটিতে যান।
এবার উপরের ডান দিকে দেখুন তিনটি ডট আছে। ওখানে ক্লিক করুন।
এবার সেটিংস অপশনে যান।
সেখানে গিয়ে দেখুন প্রাইভেসি অপশন আছে। ওখানে ক্লিক করুন।
এবার নিচে স্ক্রল করে নামুন। দেখুন কলস লেখা অপশন আছে। ওতে ক্লিক করুন।
এবার সেখানে দেখুন সাইলেন্স আননোন কলার্স অপশন আছে। ক্লিক করুন। ব্যাস, কাজ শেষ।
কেন এটি অন করবেন?
প্রতারকদের হাত থেকে বাঁচতে।
কাজের সময় অপ্রয়োজনীয় ফোন যাতে না বিরক্ত করে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা যেন ভাল হয়। কোনও আর্থিক বা তথ্য চুরির ঘটনা যেন না ফেস করতে হয়।
তবুও যদি দেখেন কল লগে অনবরত কোনও নম্বর থেকে ফোন আসছে, তাহলে ট্রুকলারে সেটা চেক করুন যে কার নম্বর। গুরুত্বপূর্ণ হলে রিং ব্যাক করুন। নতুবা রিপোর্ট করে ব্লক করে দিন।
