বর্তমান সময়ে পিঠের ব্যথা খুবই সাধারণ সমস্যা। দীর্ঘক্ষণ অফিসে বসে কাজ, মোবাইল বা কম্পিউটার ব্যবহারের অভ্যাস, শরীরচর্চার অভাব এবং ভুল ভঙ্গিতে বসা-দাঁড়ানোর কারণে ক্রমশ কমবয়সিদের মধ্যেও বাড়ছে এই সমস্যা। চিকিৎসকদের মতে, জীবনযাত্রার পরিবর্তনের পাশাপাশি খাদ্যাভ্যাসেও কিছু বদল আনলে পিঠের ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
পুষ্টিবিদরা বলেন, প্রতিদিন এক মুঠো কালো ছোলা পিঠ ও মেরুদণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী। কালো ছোলা প্রোটিনসমৃদ্ধ একটি ডালজাতীয় খাবার। প্রতি ১০০ গ্রাম ছোলায় প্রায় ২০ গ্রাম উদ্ভিজ্জ প্রোটিন থাকে, যা শরীরের পেশি গঠন ও মেরামতে সাহায্য করে। পিঠের পেশি মেরুদণ্ডকে সাপোর্ট দেয়। এই পেশি দুর্বল হয়ে গেলে ব্যথার প্রবণতা বাড়ে। নিয়মিত প্রোটিন খাওয়া পেশিকে শক্ত রাখতে সাহায্য করে।
এছাড়া কালো ছোলায় রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ। এই উপাদানগুলো হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের হাড় ক্ষয় হতে শুরু করে, যা পিঠের ব্যথার অন্যতম কারণ। পুষ্টিকর খাবার হিসেবে কালো ছোলা সেই ঝুঁকি কিছুটা কমাতে পারে।

ছোলায় থাকা আয়রন শরীরে কোলাজেন তৈরিতে সহায়ক। কোলাজেন হাড়, জয়েন্ট ও লিগামেন্টকে শক্ত ও নমনীয় রাখে। ফলে মেরুদণ্ডের গঠন ভাল থাকে এবং সহজে ব্যথা হওয়ার আশঙ্কা কমে। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও অন্যান্য উপকারী উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, যা জয়েন্ট ও পেশির ব্যথা উপশমে ভূমিকা রাখতে পারে।
তবে চিকিৎসকদের সতর্কবার্তা, সব ধরনের পিঠের ব্যথার ক্ষেত্রে শুধু খাবারই যথেষ্ট নয়। যদি ব্যথা দীর্ঘদিন ধরে থাকে, খুব তীব্র হয় বা পা পর্যন্ত ছড়িয়ে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি নিয়মিত ব্যায়াম, সঠিক ভঙ্গিতে বসা ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়াও প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে প্রতিদিন এক মুঠো ভিজিয়ে রাখা বা সেদ্ধ করা কালো ছোলা খাওয়া পিঠ ও মেরুদণ্ড সুস্থ রাখতে সহায়ক হতে পারে।
