রাতে ঠিকমতো ঘুম আসছে না? অনেকেই এর জন্য স্ট্রেস, মোবাইল বা কাজের চাপকে দায়ী করেন। কিন্তু একটা সহজ বিষয় আমরা প্রায়ই ভুলে যাই। ঘুমানোর আগে আমরা কী খাচ্ছি। আসলে রাতের খাবার বা লেট-নাইট স্ন্যাকস আপনার ঘুম ভালও করতে পারে, আবার খারাপ প্রভাবও ফেলতে পারে।
ঘুমের আগে ভারী, তেল-ঝাল বা বেশি মশলাদার খাবার খেলে শরীরে অস্বস্তি তৈরি হয়। হজম ঠিকমতো না হওয়ায় বুক জ্বালা, গ্যাস বা অস্বস্তির কারণে ঘুম ভেঙে যেতে পারে। তাই ঘুমানোর আগে হালকা ও সহজে হজম হয় এমন খাবার বেছে নেওয়া খুব জরুরি।
কিছু ফল রয়েছে, যেগুলো ঘুম ভাল করতে সাহায্য করে। যেমন তরমুজ। এতে প্রচুর জল থাকে, যা শরীরকে হাইড্রেট রাখে। রাতে ঘুমের সময় শরীর নিজের মতো করে কাজ করে, আর তরমুজ সেই সময় শরীরকে সতেজ রাখতে সাহায্য করে।
চেরি ফলও খুব উপকারী। এতে প্রাকৃতিকভাবে মেলাটোনিন নামে একটি হরমোন থাকে, যা আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে। তাই অল্প পরিমাণ চেরি খেলে ঘুম দ্রুত আসতে পারে এবং ঘুমের মানও ভাল হয়।
কিউই ফল খেলে মন শান্ত হয়। এতে এমন উপাদান থাকে যা সেরোটোনিন বাড়ায়। এই সেরোটোনিন আমাদের মনের চাপ কমায় এবং দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করে। যারা দুশ্চিন্তার কারণে ঘুমাতে পারেন না, তাদের জন্য এটি বেশ উপকারী হতে পারে।
কলা খুব সহজে পাওয়া যায় এবং ঘুমের জন্যও ভাল। এতে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম থাকে, যা পেশি আলগা করে এবং শরীরকে আরাম দেয়। ফলে শরীর ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হয়।
তবে একটা কথা মনে রাখা দরকার। ঘুমানোর ঠিক আগে বেশি খাওয়া ঠিক নয়। হালকা কিছু খেতে হলে ঘুমানোর অন্তত আধঘণ্টা আগে খান।
সবমিলিয়ে, ভালো ঘুম পেতে শুধু একটু সচেতন হয়ে সঠিক খাবার বেছে নিলেই অনেক সমস্যা কমে যেতে পারে। ছোট এই অভ্যাসগুলো আপনার ঘুমকে গভীর ও আরামদায়ক করে তুলতে পারে।















