আজকাল ওয়েবডেস্ক: প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন আচার্য চাণক্য। তাঁর রচিত গ্রন্থ চাণক্য নীতিতে জীবনের নানা দিক নিয়ে পরামর্শ রয়েছে। জীবনে কী কী কাজ করলে এবং কোন কোন কাজ থেকে দূরে থাকলে সহজে উন্নতি করা সম্ভব, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন চাণক্য। মহাপণ্ডিত চাণক্যর পরামর্শ আজও প্রাসঙ্গিক। জীবনে সাফল্য পেতে কেমন মানুষদের থেকে দূরে থাকবেন সেই বিষয়েও উপদেশ দিয়েছেন চাণক্য। আসুন জেনে নেওয়া যাক তাঁর মূল্যবান পরামর্শ-
১. নিজেকে বিশেষ মনে করা- এমন মানুষ আছেন যাঁরা নিজেকে সেরা মনে করেন। সাধারণত অন্যদের থেকে বিশেষ গুরুত্ব পেতে পান। এমনকী যদি আপনি তাঁদের যথেষ্ট প্রশংসা কিংবা গুরুত্ব না দেন তাহলে তাঁরা দুর্ব্যবহারও করতে পারেন। এমন 'আত্মমগ্ন' মানুষদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চাণক্য।
২. নেতিবাচক মনোভাব- চাণক্য নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকতে পরামর্শ দেন। এই ধরনের মানুষেরা সবকিছুতে সমস্যা তৈরি করেন। কোনও ইতিবাচক বিষয়েও সমালোচনা করতে ছাড়েন না। মানুষকে সফল হতে হলে নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখতে হবে বলে মনে করতেন চাণক্য।
৩. ঈর্শান্বিত মানসিকতা- অনেকেই সামনে মিষ্টি আচরণ করলেও আপনার যে কোনও কাজে ঈর্শান্বিত হন। আসলে তাঁরা সবকিছুতেই সকলকে প্রতিযোগী মনে করেন। জীবনে শান্তি রাখতে চাইলে এই ধরনের মানুষদের থেকে দূরে থাকা উচিত বলে উপদেশ দিয়েছেন চাণক্য।
৪. দু'মুখী বন্ধু- চাণক্যর পরামর্শ অনুযায়ী, হাজার হাজার শত্রুর চেয়েও খারাপ দু'মুখী বন্ধু। তাই সকলের বিচক্ষণতার সঙ্গে বন্ধু নির্বাচন করা উচিত। কোনও বন্ধুর থেকে এই ধরনের কোনও রকম সংকেত পেলে দূরে সরে আসাই শ্রেয়।
৫. সুবিধাবাদী মানুষ- চাণক্যর মতে, সুবিধাবাদী মানুষেরা আপনার উন্নতির পথে বাধা হতে পারেন। এই ধরনের মানুষেরা যে কোনও পরিস্থিতি এবং চারপাশের মানুষকে নিয়ন্ত্রণ করতে চান। আপনার ব্যক্তিগত পছন্দ এবং স্বাধীনতা নিয়েও নিয়ন্ত্রণ করার প্রবণতা থাকে।
