তীর্থঙ্কর দাস: কলকাতা পুলিশের সার্জেন্ট কৌশিক নস্কর। এবছর প্রথমবার নিজের হাতে গড়লেন মা কালির মূর্তি। ডায়মন্ড হারবার ট্র্যাফিক গার্ডে কর্মরত কৌশিক। ছোটবেলা থেকেই আঁকা এবং ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ এই পুলিশ কর্মীর। অনেকদিন ধরেই কৌশিকের ইচ্ছে ছিল পুলিশে চাকরি করবেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতা পুলিশের সার্জেন্ট পদে নিযুক্ত হন তিনি। চাকরি পাওয়ার পর কিছুদিন তাঁর এই কাজ বন্ধ ছিল। বিভিন্ন জায়গার ভিডিও দেখে তিনি ঠাকুর বানানোর কথা মাথায় আনেন । এই বছর প্রথমবার নিজেরই পাড়ার এক ক্লাবের মূর্তি বানানো শুরু করেন কৌশিক নস্কর।

তিনি আজকাল ডট ইনকে জানান, দেবী মূর্তি বানানোর আগে বহু বাধা এসেছে। প্রথমবার চালায় যখন দেবী মূর্তি বানানো হয় তখন সেটি ফেলে দিতে হয়। দ্বিতীয়বার নতুন করে মাটি দিয়ে বানানো শুরু করেন মা কালির মূর্তি। চিন্তার ভাঁজ কপালে, নিজের বানানো কালী যেদিন পুজো হবে পাড়ার মন্ডপে,সেদিন ডিউটি শেষে আসতে পারবে কি? কলকাতা পুলিশের সহকর্মী থেকে ক্লাবের সদস্য, স্ত্রী, মেয়ে এবং পরিবারের প্রত্যেকেই এই কাজে তাঁকে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন কৌশিক । এবছরের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী বছরগুলিতেও ঠাকুর গড়বেন তিনি।