আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনে ভরাডুবির পর থেকেই খানখান দল। তৃণমূলের আরও জোর ধাক্কা। এবার দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'সিজ' করার আর্জি জানিয়ে ব্যাঙ্কের ম্যানেজারকে চিঠি দিলেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত লেনদেন বন্ধ করার আর্জি জানিয়েছেন তিনি। 

 

সূত্রের খবর, গত ১২ জুন এইচডিএফসি ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখার ম্যানেজারকে চিঠি লিখে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'সিজ' করার আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। এবার তৃণমূলের কয়েকশো কোটি টাকা তহবিল নিয়েও নতুন করে তৈরি হল সঙ্কট। 

 

জানা গেছে, ব্যাঙ্কের ম্যানেজারকে চিঠি দিয়ে অরূপ বিশ্বাস জানিয়েছেন, তিনিই দলের কোষাধ্যক্ষ। নির্ভবাচনের পরেই দলের অন্দরে বিক্ষোভ চলছে। বহু সাংসদ, বিধায়ক বিদ্রোহ করেই দলে ছেড়েছেন। অশান্তিও থামার নাম নেই। এই আবহে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে, তা নিয়েও বিস্তর অশান্তি সৃষ্টি হয়েছে। এই অস্থিরতার আবহে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে পরিচালনা করবেন, তা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। অরূপের আশঙ্কা, এই অশান্তির আবহে দলের অফিসে রাখা এবং তাঁর স্বাক্ষর করে রাখা ব্যাঙ্ক চেকগুলির অপব্যবহার হতে পারে। 

 

বর্তমানে 'নিখোঁজ' অরূপ বিশ্বাস। তা সত্ত্বেও চিঠিতে তাঁর সই দেখা গেছে। চিঠিতে তিনি এও লিখেছেন, 'দলের বহু নির্বাচিত প্রতিনিধি, ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন এবং ৬০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন, হয় দলত্যাগ করেছেন নতুবা প্রকাশ্যেই দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যার ফলে দলের কর্তৃত্ব ও সম্পদ দিয়ে ব্যাপক বিরোধের সৃষ্টি হয়েছে।' 

 

ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি দিয়ে অরূপ আরও জানিয়েছেন, এই টালমাটাল পরিস্থিতিতে দলের সম্পদ ও দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতেই, লেনদেন বন্ধ রাখা হোক। দলের টাকা নয়ছয় হলে আরও সমস্যা বাড়তে পারে। যতদিন দলের অভ্যন্তরে অশান্তি না কমছে, ততদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'সিজ' করা হোক। 

 

প্রসঙ্গত, গত এক মাসে একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ আবার চুপিসারেই সক্রিয় রাজনীতি থেকে সরে পড়েছেন। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে তৃণমূলের ভরাডুবি শুরু। দলের ছন্নছাড়া দশা। গত এক মাসে পুলিশের জালে একাধিক দাপুটে নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর।