আজকাল ওয়েবডেস্ক:  জবরদখল সরিয়ে এবার বেহালা বিমানবন্দর-কে পুরোপুরি কাজে লাগাতে চায় রাজ্য সরকার। যার পদক্ষেপ হিসেবে শনিবার এই বিমানবন্দরে জমির পরিমাণ খতিয়ে দেখতে রাজ্য সরকারের তরফ থেকে একটি সমীক্ষা করা হয়। গোটা এই বিষয়টির উদ্যোগ নিয়েছেন ভারতীয় জনতা যুব মোর্চা'র রাজ্য সভাপতি এবং বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ। এবিষয়ে ইতিপূর্বেই তিনি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা এএআই-য়ের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। 

জানা গিয়েছে, বেহালা বিমানবন্দরটি যখন তৈরি হয়েছিল তখন সেখানে ছিল ৯১৫ মিটারের একটি রানওয়ে। দীর্ঘ সময় ধরে এর যথার্থ ব্যবহার না হওয়ায় ধীরে ধীরে বিমানবন্দরের জায়গা জবরদখল হতে থাকে। প্রয়োজন ১৫০০ মিটার। এই মুহূর্তে ৬০০ মিটারের কাছাকাছি জায়গা জবরদখলের হাত থেকে বেঁচে আছে। 

ছোট বিমান যেমন ৮ বা ৯ আসন বিশিষ্ট বিমান পরিষেবা চালু করতে রানওয়ের সীমা বাড়ানো দরকার। বিমানবন্দরটি পুরোপুরিভাবে চালু হলে এর মাধ্যমে বাগডোগরা, কোচবিহার, অন্ডাল বা দ্বারভাঙার মতো স্বল্প দূরত্বে থাকা বিমানবন্দরে অনায়াসেই অল্প সংখ্যক যাত্রী নিয়ে পৌঁছে যাওয়া যাবে। 

শনিবার রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে ড্রোন উড়িয়ে গোটা বিমানবন্দরটি ঠিক কী অবস্থায় আছে এবং সেখানে জমির আসল মাপের সঙ্গে বর্তমানে কতটা তফাৎ রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ দিকগুলি খুঁটিয়ে দেখা হয়। দেখা হয় কোথায় কোথায় জমি জবরদখল হয়ে রয়েছে। বেহালা পশ্চিম এলাকার এক বিজেপি নেতা বলেন, ডাঃ ইন্দ্রনীল খাঁ যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখনই এই বিষয়টি তিনি এলাকার ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কথা অনুযায়ী শনিবার সেই কাজ শুরু হল।