আজকাল ওয়েবডেস্ক: বিমান পরিষেবা ব্যাহত। কলকাতা বিমানবন্দরে। জানা গেছে, পশ্চিম এশিয়াগামী এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে কলকাতাগামী মোট সাতটি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে শুক্রবার। কলকাতা বিমানবন্দর থেকে দুবাই, দোহা এবং আবুধাবিগামী মোট চারটি উড়ান বাতিল করা হয়েছে। অন্যদিকে, আবুধাবি, দুবাই এবং দোহা থেকে কলকাতাগামী তিনটি উড়ান বাতিল হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর।
জানা গেছে, বাতিল হওয়া উড়ানগুলির মধ্যে এয়ার অ্যারাবিয়ার একটি। এছাড়াও এতিহাদ এয়ারলাইন্সের দু’টি, কাতার এয়ারওয়েজের দু’টি এবং এমিরেটসের দু’টি বিমান বাতিল হয়েছে। এয়ার অ্যারাবিয়ার উড়ানটি কলকাতা থেকে আবুধাবি যাওয়ার কথা ছিল। এতিহাদের একটি উড়ান কলকাতা থেকে আবুধাবি, অন্যটি আবুধাবি থেকে কলকাতা আসার কথা ছিল। কাতার এয়ারওয়েজের দোহা থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে দোহাগামী উড়ান বাতিল করা হয়েছে। এমিরেটসের দুবাই থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে দুবাইগামী উড়ান বাতিল হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উড়ানগুলির পথ নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। উড়ান বাতিল হচ্ছে কি না, বা সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে কি না–ইত্যাদি নজরে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। প্রসঙ্গত, দুবাইয়ের উদ্দেশে কলকাতা বিমানবন্দর থেকে শেষ বিমান উড়েছিল ২৮ ফেব্রুয়ারি। আবার দুবাই থেকেও কলকাতায় আসেনি কোনও বিমান। ১১৩ ঘণ্টা ৫ মিনিট উড়ান পরিষেবা বন্ধ থাকার পর আবার তা চালু হয় বুধবার।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নেমেছে ইজরায়েল এবং আমেরিকা। তার পর থেকেই পশ্চিম এশিয়া জুড়ে সামরিক উত্তেজনা চরমে। পশ্চিম এশিয়ার দেশগুলি নিরাপত্তার স্বার্থে একের পর এক আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে দুবাইয়ে বিমান চলাচল শুরু হয়। শুক্রবার থেকে দোহা এবং আবুধাবিতেও আংশিক উড়ান পরিষেবা চালু হয়েছে।
