আজকাল ওয়েবডেস্ক: মেসি-কাণ্ডে দায়ের হওয়া মামলায় তদন্তে সহযোগিতা না করার অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারীদের সামনে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।

শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এরপর চলতি মাসের ৪ জুন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নোটিশ পাঠানো হয়।

তবে নির্ধারিত দিনে হাজির না হয়ে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ১৫ দিনের সময় চান তিনি। পুলিশ সূত্রের দাবি, অসুস্থতার পক্ষে প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত নথিপত্র চাওয়া হলেও তা যথাযথভাবে জমা দেওয়া হয়নি।

এরপর গত ৭ জুন বিধাননগর পুলিশের একটি দল তাঁর বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে। বাড়িতে কাউকে না পাওয়ায় দরজায় নোটিশ টাঙিয়ে ৮ জুন থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ, সেদিনও জিজ্ঞাসাবাদের জন্য হাজির হননি অরূপ বিশ্বাস। পরে তিনি আদালতের দ্বারস্থ হয়ে আইনি সুরক্ষা চাইলেও কোনও রক্ষাকবচ পাননি। এরপর তদন্তের স্বার্থে পুলিশ আদালতের কাছে আবেদন জানায়। আদালত নির্দেশ দেয়, নোটিশ জারির ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করে তদন্তে সহযোগিতা করতে হবে।

তবে সোমবার সেই সময়সীমা পেরিয়ে গেলেও অরূপ বিশ্বাস এখনও তদন্তকারীদের সামনে হাজির হননি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তকারী সংস্থার একাংশের দাবি, আদালতের নির্দেশ সত্ত্বেও তদন্তে সহযোগিতা না করলে পরবর্তী পদক্ষেপ হিসেবে গ্রেপ্তারির বিষয়টিও বিবেচনা করা হতে পারে।

যদিও এই বিষয়ে পুলিশের তরফে সরকারি ভাবে কোনও মন্তব্য করা হয়নি। অরূপ বিশ্বাসের তরফেও এখনও কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ফলে তদন্তের পরবর্তী ধাপ এবং পুলিশের পদক্ষেপের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।