দীক্ষা ভুঁইয়া: সন্ত্রাসবাদ, জঙ্গি কার্যকলাপ, বিস্ফোরণ বা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলার তদন্তে এবার বড় প্রশাসনিক পরিবর্তন পশ্চিমবঙ্গে। কলকাতায় আনুষ্ঠানিকভাবে চালু হল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র নিজস্ব থানা। নিউ টাউনের এনবিসিসি স্কোয়ারে, যেখানে এতদিন এনআইএ-র আঞ্চলিক দফতর ছিল, সেখান থেকেই এবার থানার কার্যক্রমও পরিচালিত হবে।

এতদিন পশ্চিমবঙ্গে এনআইএ তদন্তের প্রয়োজন হলে সংশ্লিষ্ট মামলার এফআইআর বা নিয়মিত মামলা (Regular Case) নথিভুক্ত করতে হত দিল্লির সদর দফতরে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর তদন্ত শুরু করা যেত। নতুন থানা চালু হওয়ায় ভবিষ্যতে রাজ্যে এনআইএ-র আওতাভুক্ত মামলার নথিভুক্তিকরণ ও তদন্তের প্রাথমিক প্রশাসনিক কাজ কলকাতা থেকেই করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থানা চালু করতে হলে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন। কিন্তু তৃণমূল সরকারের মন্ত্রীসভা অনুমোদন না দেওয়ায় আলাদা থানা করা যায়নি । বিজেপি সরকার ক্ষমতায় এসেই নতুন করে প্রস্তাব এগোয় এবং সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা এনআইএ থানা স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেয়। তারপরেই এনআইএ থানার বিজ্ঞপ্তি জারি।