আজকাল ওয়েবডেস্ক: কলকাতা আছে কলকাতাতেই। আর সপ্তাহের শুরুর দিনে, সিটি অফ জয়-এর সেরা হওয়ার খবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার তিনি একটি পোস্ট করে জানান বেশ কয়েকটি খাতে, কলকাতা জায়গা করে নিয়েছে সেরার তালিকায়। 

যেমন, ভ্রমণ এবং অবসরের জন্য বিশ্বের সেরা ২৫টি শহরের নামের তালিকা সোমবার তাঁর সমাজমাধ্যমে পোস্টে প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী। ট্রাভেল+লেইজার সংস্থা ভ্রমণ এবং অবসরের জন্য বিশ্বের সেরা ২৫ শহরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় হয়েছে ভারতের তিনটি শহর। ২৫ শহরের প্রথম স্থানে রয়েছে সান মিগিয়েল দে অ্যালেন্ডে। দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর, ১৯নম্বরে কলকাতা এবং ২১ নম্বরে জয়পুর। 

স্যাভিলস গ্রোথ হাবস ইন্ডেক্স-এর সমীক্ষা বলছে, দ্রুত উন্নয়ন এবং বিকাশের নিরিখে বিশ্বের সেরা শহরগুলির তালিকায় একাদশ স্থানে কলকাতা। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে অন্য একটি সমীক্ষার ফলাফলও। দিল্লি আইআইটি মে মাসে বিশ্বের মেট্রো শহরগুলির বায়ুর গুণগতমানের নিরিখে কলকাতা সেরার স্থানে। শহরবাসীকে এই সাফল্যের জন্য যেমন শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, একই সঙ্গে আরও উন্নত, সুস্থ শহর তৈরির জন্য শহরবাসীকে হাতে-হাত ধরে চলার আহ্বান জানিয়েছেন।