আজকাল ওয়েবডেস্ক: বারুইপুর কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলেন। অভিযোগ তুলেছিলেন হাউজ অ্যারেস্ট করে রাখার। সোমবার বিকেলে, নিজের এলাকাতেই মোমবাতি নিয়ে বিচারের দাবি চেয়ে পথে নেমেছিলেন। ফের রাজপথে নামতে চান মমতা। মিছিলের অনুমতি চেয়ে আদালতে গেল কালীঘাট তৃণমূল।
সূত্রের খবর, বুধবার মমতা-পন্থী তৃণমূল পথে নামতে চলেছে। যদিও সেই মিছিল কেবল বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করেই কি না, স্পষ্ট নয় এখনও। অন্যদিকে ওই মিছিলে মমতা ব্যানার্জি নিজে থাকবেন বলেই খবর সূত্রের। যদিও কালীঘাট তৃণমূলের অভিযোগ, মিছিলের অনুমতি মিলছে না তাদের। তারপরেই আদালতের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে, ওই মামলার শুনানির সম্ভাবনা।
তবে বারুইপুর কাণ্ডের পর, ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা ব্যানার্জি। তিনি নিজে যেতে চেয়েছিলেন রবিবারেই, তেমনটাই জানিয়েছিলেন নিজেও। পরে সোমবার সকালে, কালীঘাট তৃণমূলের প্রতিনিধিদল পৌঁছয় সেখানে এবং তাঁরা কলকাতায় ফিরতেই, পথে নামেন নেত্রী। মোমবাতি হাতে। মমতার মোমবাতি মিছিলে সঙ্গী দোলা-অপরূপা-প্রতিমারা।
স্লোগান ওঠে 'উই ওয়ান্ট জাস্টিস', 'আমার সুর, তোমার সুর, জাস্টিস ফর বারুইপুর', 'তোমার আমার একই সুর, জাস্টিস ফর বারুইপুর'। তবে ৩০ বি হরিশ চ্যাটার্জি থেকে বেরিয়ে মিছিল গলির মোড়ে এলে, প্রাথমিকভাবে বাধা দেওয়া হয় মিছিলে। যদিও মমতা ব্যানার্জি কথা বলার পর, ছেড়ে দেওয়া হয়। নিজের এলাকাতেই মিছিল করেন মমতা ব্যানার্জি, মোমবাতি হাতে। ফের বুধে শহরের রাজপথে, বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্স ডাউন মার্কেট পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে আদালতে কালীঘাট তৃণমূল।















