আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে বুধবারই কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছে তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকেও সরিয়ে দেওয়া হয়েছে কুণালকে। বিরোধী নেতারা কুণালের পাশে দাঁড়াতে শুরু করেছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় আইপ্যাক কর্তাকে তীব্র কটাক্ষ করেছেন কুণাল। এবার কুণালকে কটাক্ষ করলেন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের বহিষ্কৃত নেতাকে শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য নগর দায়রা আদালতে হাজির করানো হয়েছিল। তখনই পার্থ বলেন, ‘আগেই বলেছিলাম বিরোধী দলগুলোর চেয়ে কুণাল ঘোষ আমাদের দলে থেকে দলের সবচেয়ে বেশি ক্ষতি করছে।’ প্রসঙ্গত, পার্থ গ্রেপ্তার হওয়ার পর তাঁকে একাধিকবার আক্রমণ করেছেন কুণাল। তিনি যখন জেলে ছিলেন, তখন কুণাল বলেছিলেন, এটা ‘ষড়যন্ত্র’। সেই ‘ষড়যন্ত্র’ এর জন্য পার্থকে দায়ী করেছিলেন কুণাল। এবার কুণালকে দলীয় পদ থেকে সরানোর পর পাল্টা আক্রমণ করলেন পার্থ।
Partha Chatterjee: পুরনো প্রসঙ্গ তুলে কুণালকে কটাক্ষ করলেন জেলবন্দি পার্থ
















