আজকাল ওয়েবডেস্ক:‌ রবিবার ইডেন গার্ডেন্সে ভারত–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। টি–২০ বিশ্বকাপে। খেলা শুরু হবে সন্ধে সাতটায়। শেষ হতে হতে রাত প্রায় সাড়ে দশটা বাজবে। আর খেলা দেখে যাতে বাড়ি ফিরতে সমস্যায় না পড়তে হয় দর্শকদের, তার ব্যবস্থা করল কলকাতা মেট্রো রেল। ওই দিনের ম্যাচের পরও মিলবে মেট্রো পরিষেবা।


সুপার এইটে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের ম্যাচ রবিবার ইডেনে। যে ম্যাচ শুরু হবে রবিবার সন্ধে ৭টায়। অর্থাৎ খেলা শেষ হতে হতে সাড়ে ১০টা বাজবে। কিন্তু স্টেডিয়াম থেকে গন্তব্য ফিরতে সমস্যা হবে না মেট্রো যাত্রীদের। ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। এসপ্ল্যানেড থেকে একটি মেট্রো রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে যাবে দক্ষিণেশ্বর। একই সময়ে অন্য মেট্রোটি এসপ্ল্যানেড থেকে যাত্রীদের পৌঁছে দেবে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। মাঝের প্রতিটি স্টেশনেই দাঁড়াবে ওই মেট্রো। এসপ্ল্যানেড স্টেশনের টিকিট কাউন্টারও খোলা থাকবে সেই সময়। এমনিতে ইডেনে আইপিএলের ম্যাচ থাকলে, সেই সমস্ত দিন অতিরিক্ত মেট্রো পরিষেবা পাওয়া যায়। এবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ হাইভোল্টেজ ম্যাচের দিনও মিলবে পরিষেবা।


এটা ঘটনা ইডেন ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল দুই দলের কাছেই। যে জিতবে তারাই যাবে সেমিফাইনালে। ভারত বৃহস্পতিবার জিম্বাবোয়েকে হারিয়ে অক্সিজেন পেয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজ হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। তাই রবিবার ইডেনে একটা জমজমাট থ্রিলারের অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। মাঠ তো ভরে যাবেই। সেই দর্শকদের খেলা শেষে যাতে বাড়ি ফিরতে সমস্যা না হয় সেই ব্যবস্থা করল কলকাতা মেট্রো।