আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে কল্যাণ ব্যানার্জির বিশেষ অনুরোধে আশ্বাস দিলেন মমতা। শনিবার ধর্নামঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিশেষ অনুরোধ করেন তিনি।
বক্তৃতার মাঝেই তৃণমূল সুপ্রিমোকে তিনি অনুরোধ করেন, ‘আর কোনও গদ্দারকে দলে নেবেন না।’ শ্রীরামপুরের সাংসদের অনুরোধে হাত নে়ড়ে সম্মতি দেন মমতা।
দলবদলের যাবতীয় জল্পনা প্রসঙ্গে কল্যাণ এদিন বলেন, ‘আর কোনও গদ্দার আসবে না। ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলে যাঁরা আছেন, তাঁরাই কেবল থাকবেন। আর নতুন প্রজন্ম বা নতুন করে যাঁরা রাজনীতিতে আসতে চান, তাঁরা আসবেন। বিজেপির কেউ আসবে না। শুভেন্দু অধিকারী আসতে চাইলে মেরে ভাগাতে হবে।’
কল্যাণ ব্যানার্জি মঞ্চ থেকে তীব্র আক্রমণ করেন বিজেপিকেও। দেশের জিডিপি বেড়ে যাওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে আক্রমণ শানান।
কেন্দ্রের শাসক দলের নামে ধর্মের রাজনীতির অভিযোগ দিলেন তিনি। বলেন, ‘ভারতবর্ষের মানুষের বিশ্বাস তো সেদিনই নষ্ট হয়ে গিয়েছিল, যেদিন রাম জন্মভূমির জাজমেন্ট হয়েছে।’
এমনকী, সম্প্রতি বিশ্বের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ডিং পয়েন্টকে কটাক্ষ করেন কল্যাণ। বলেন, ‘এই ভারত আত্মনির্ভর ভারত নয়, এই ভারত আমেরিকা নির্ভর ভারত।
উল্লেখ্য, এদিন সকালে ধর্নামঞ্চে আরও একটি বড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল।
ঠিক ছিল ১ এপ্রিল থেকে প্রাপকদের অ্যাকাউন্টে ঢুকবে বেকার ভাতার টাকা। আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, শনিবার থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা। এই ঘোষণায় খুশি বাংলার বেকার যুবক-যুবতীরা।
এই বছর রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। প্রকল্পের আওতায় রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
প্রথমে ঘোষণা করা হয়েছিল আগস্ট মাস থেকে এই টাকা দেওয়া হবে। পরে নবান্ন থেকে মমতা ঘোষণা করেন যে এপ্রিলের ১ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে। ২৬ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছে।
রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আওতায় যদি কেউ সুবিধা পেয়ে থাকেন, তাঁরা টাকা পাবেন না। পাঁচ বছর এই টাকা দেওয়া হবে।
তারপরেও যদি কেউ বেকার থাকেন তাহলে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরেই ধর্নার দ্বিতীয় দিনে আচমকা মমতার ঘোষণা, ৭ মার্চ শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা।
শনিবার থেকে দেশজুড়ে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “গ্যাসের দাম আবার বাড়ানো হয়েছে। এখন আপনাকে ২১ দিন আগে গ্যাস বুক করতে হবে, তাহলে আপনার বাড়িতে গ্যাস শেষ হয়ে গেলে ২১ দিন আপনি কী করবেন? আপনি কী খাবেন? আপনি কি মানুষের জন্য খাবারের হোম ডেলিভারি দেবেন? এমনকি কেরোসিনের কোটাও কমানো হয়েছে। আপনি প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন। এই কারণেই আপনি ভোট মুছে ফেলতে চান? বাংলা ভাঙতে চান? অন্যরা হয়তো আপনাকে ভয় পাচ্ছে, আমরা নই। আমরা আপনার মুখোশ খুলে দেব।”
তিনি জানিয়েছেন, গ্যাসের মূল্যবৃদ্ধি ইস্যুতে রবিবার ফের পথে নামবেন। কালো শাড়ি পরে হাতা, খুন্তি হাতে মহিলাদের মিছিলে শামিল হওয়ার আর্জি জানান মমতা।
