আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কলকাতার ভবানীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভবানীপুরেরই এক বাসিন্দা, অর্ণব কান্তি দাস, এই অভিযোগটি দায়ের করেছেন।

অভিযোগকারীর দাবি, অভিষেক ব্যানার্জির অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে করা একটি পোস্টে গুজরাটি সম্প্রদায়ের মানুষদের টার্গেট করে অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে। পুলিশে জমা দেওয়া চিঠিতে অভিযোগকারী উল্লেখ করেছেন যে, রাজনৈতিক লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা থাকা স্বাভাবিক, কিন্তু এই ধরনের মন্তব্যের ফলে গুজরাটি সম্প্রদায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে পারে এবং রাজনৈতিক হিংসা উসকে উঠতে পারে। শুধু তাই নয়, এই ধরনের পোস্ট দেশের সার্বভৌমত্ব এবং সংবিধানের পরিপন্থী বলেও তিনি চিঠিতে দাবি করেছেন।

অভিযোগকারী অর্ণববাবু চিঠিতে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে এই এক্স হ্যান্ডেল পোস্টটিকে খতিয়ে দেখে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। সূত্র মারফত জানা গেছে, বৃহস্পতিবার রাতে এই অভিযোগপত্রটি জমা পড়েছে। তবে এই বিষয়ে এখনও  পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা অভিষেক ব্যানার্জির তরফ থেকে কোনও  আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগেও বিধাননগর থানায়  এক বিজেপি কর্মী  মামলা করেছেন অভিষেকের বিরুদ্ধে। নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্য এবং ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্যের অভিযোগে অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, এই এফআইআর-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে করা মন্তব্যও অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশ সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন অর্থাৎ ৫ মে বাগুইআটির থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান রাজীব কুমাক নামক ওই ব্যক্তি। নির্বাচন চলাকালীন উস্কানিমূলক বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে, পাঁচটি ধারায় এফআইআর দায়ের করেছে পুলিশ।