আজকাল ওয়েবডেস্ক: কবি শ্রীজাত ব্যানার্জির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ভোটের আগেই তাঁকে গ্রেপ্তার করার নির্দেশ দিল আদালত। পুরনো একটি মামলায় এই গ্রেপ্তারির নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে শ্রীজাতকে গ্রেপ্তারের এই নির্দেশে ইতিমধ্যেই চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটবঙ্গে এই ঘটনা নজিরবিহীন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শাসকদল তৃণমূল।  পাশাপাশি নিন্দায় সরব হয়েছেন সাহিত্যিক মহল থেকে সাধারণ মানুষ সকলেই। এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে চাননি কবি।

সংবাদমাধ্যমকে শ্রীজাত বলেছেন, "এটা কোন মামলা, কী বিষয় আমি কিছুই জানিনা। সংবাদমাধ্যম মারফত আমি বিষয়টা জানতে পেরেছি৷ আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলে বিস্তারিত পরবর্তীতে জানাব৷ আপাতত এই নিয়ে কোনও মন্তব্য করতে চাইছিনা।" 

আগামীকাল বিধানসভার প্রথম দফা নির্বাচন। ২০২৬-এর নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে৷ 

ভোটের ঠিক আগের দিন এক প্রথিতযশা কবির বিরুদ্ধে এই ধরনের পরোয়ানা জারি হওয়াকে 'নজিরবিহীন' বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শ্রীজাতর অনুরাগী ও সাহিত্য মহলে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কবি অংশুমান কর। তিনি জানিয়েছেন, " এটা খুব দুর্ভাগ্যজনক। একজন কবিকে যদি কবিতা লেখার জন্য জেলে যেতে হয় তাহলে তো বলতে হবে ফ্যাসিবাদ চলে এসছে আমাদের রাজ্যে। দ্বিতীয় কথা হচ্ছে কত কত রাজনৈতিক নেতারা নানা রকমের উস্কানিমূলক মন্তব্য করে এখনও পর্যন্ত জেলের বাইরে রয়েছেন৷ যেখানে এত বছর আগের একটি কবিতা, এতদিনে তার নিষ্পত্তি হল না! বেছে বেছে সেই মামলার রায় বেরোল ভোটের একদিন আগে? এই গ্রেপ্তারির নির্দেশের সম্পূর্ণ বিরোধিতা করছি আমি।"

নাট্যকার, নির্দেশক এবং সাহিত্যিক, সেই সঙ্গে তৃণমূলের প্রার্থী ব্রাত্য বসু আজকাল ডট ইন-কে জানিয়েছেন, "এর আগে কবি জয় গোস্বামীকে এসআরআই-এর লাইনে দাঁড় করিয়েছিল এই বিজেপি৷ এখন শ্রীজাতকে গ্রেপ্তারির ষড়যন্ত্র করছে৷ এর থেকে স্পষ্ট যে বাঙালির প্রতি এবং বাঙালি কবির লেখার প্রতি বিজেপির কী মনোভাব।"