আজকাল ওয়েবডেস্ক: কলকাতার রাজাবাজার এলাকায় বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সোহেল আখতার (৪৩)। তার বাড়ি বিহারের নালন্দা জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দুপুর প্রায় ১.০৫ নাগাদ আমহার্স্ট স্ট্রিট থানার অন্তর্গত রাজাবাজার সায়েন্স কলেজের কাছে, ৯২, এপিসি রোডে অভিযান চালায় এসটিএফের একটি দল। সেখান থেকেই সন্দেহভাজন সোহেল আখতারকে আটক করে তল্লাশি চালানো হলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে—
* ৬ দেশীয় একনলা আগ্নেয়াস্ত্র
* ১৪টি ৮ মিমি কার্তুজ
* অন্যান্য সন্দেহজনক সামগ্রী
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে ধৃত ব্যক্তি সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে পারেননি। এরপরই পুলিশ সমস্ত অস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করে তাকে গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অস্ত্রগুলি কলকাতা বা আশপাশের এলাকায় অপরাধমূলক কাজে ব্যবহার বা পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। ধৃতের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আর্মস অ্যাক্টের ২৫(১বি)(এ)/২৯ ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা ৬১(২) ধারায় মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে বড় অস্ত্র পাচার চক্র জড়িত থাকতে পারে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারী আধিকারিকরা।
ভোটের মুখে কলকাতায় ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। তবে সময়মতো অভিযান চালিয়ে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।















