আজকাল ওয়েবডেস্ক: পরপর একই ঘটনা। বারুইপুর, অশোকনগরের পর এবার খাস কলকাতা। পুকুর থেকেই মিলল দেহ। পর্ণশ্রীতে এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে। তথ্য, পর্ণশ্রী থানার অন্তর্গত ইউনিক পার্ক দেবালয় এলাকার একটি পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পর্ণশ্রী থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে।

কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কীভাবে তাঁর দেহ পুকুরে এল, তা এখনও স্পষ্ট নয়। মৃতের পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশের অনুমান।

 

মঙ্গলে সামনে আসে অশোকনগরের ঘটনা। অশোকনগরের জলাশয় থেকে উদ্ধার হয় মহিলার দেহ। মৃতার নাম রিঙ্কু। অশোকনগর থানার অন্তর্গত গুমা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তাজপুর এলাকায় ক্যাফের পাশের হাঁটু-জল থাকা জলাশয় থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ কী? তদন্তে নেমেই উঠে আসে অবাক করা তথ্য। 

প্রাথমিকভাবে জানা গিয়েছে, অবৈধ সম্পর্কের টানাপোড়েনের জেরেই খুন। জানা গিয়েছে, মৃত রিঙ্কু কল্যাণগড় বাজার এলাকার বাসিন্দা। মৃত্যুর তদন্তে নেমেই সামনে আসে কুতুবুদ্দিনের নাম। তদন্তকারীরা জানতে পারেন, গত সাত-আট বছর ধরে কুতুবউদ্দিন দফাদারের সঙ্গে রিঙ্কুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘটনার আগে ওই এলাকায় দু'জনের একাধিকবার দেখা করার তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলে খবর সূত্রের।