আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ১৮তম সংস্করণ। কিন্তু প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান ইডেনে। আইপিএলের প্রাপ্তবয়স্ক হওয়ার বছরে মন জয় করে নিল ক্রিকেটের নন্দনকানন। ঘণ্টা খানেকের অনুষ্ঠানের শেষে টস। মুহূর্তের মধ্যে স্টেজ সরিয়ে আবার খেলার ময়দান। ওয়ার্ম আপ করতে নেমে পড়লেন বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়াররা। আইপিএল ট্রফি নিয়ে এলেন দুই অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং রজত পতিদার। কেকেআরের নেতার হাতে ট্রফি ছিল। ১৫ মিনিট পিছিয়ে যায় টস। 

শনিবার সন্ধে ৭.১৫ মিনিটে টস হয়। ১৮তম আইপিএলের প্রথম টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। জানান, কেকেআরকে অল্প রানের মধ্যে বেঁধে রাখা লক্ষ্য। রজত পতিদার বলেন, 'দারুণ অনুভূতি। আমি ইডেনকে ভালবাসি। এটা আমার অন্যতম পছন্দের মাঠ। এখানে খেলা আমার স্বপ্ন। কেকেআরকে কম রানে আটকে রাখার চেষ্টা করব।' অজিঙ্ক রাহানে জানালেন, 'ইডেনে ফিরে দারুণ লাগছে। কোর গ্রুপ একই আছে। শেষ দশ দিন আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। টস আমাদের হাতে নেই। ভাল ব্যাট করতে চাই। সবাই অভিজ্ঞ, অনেক বছর ধরে খেলছে। ইউনিট হিসেবে খেলতে চাই।' রাহানে জানিয়ে দিলেন টসে জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। তিনজন পেসার এবং দু'জন স্পিনার নিয়ে খেলছে কেকেআর।

বৃষ্টির আশঙ্কা ছিল। কিন্তু বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে মাতে ইডেন। মায়াবী পরিবেশ ক্রিকেটের নন্দনকাননে। সুরের মূর্ছনায় পয়ষট্টি হাজারের মন জয় করলেন শ্রেয়া ঘোষাল। তুমি যে আমার দিয়ে শুরু, শেষ বন্দে মাতরম দিয়ে। উদ্বোধী অনুষ্ঠানের সিংহভাগ পারফরম্যান্স শ্রেয়ার। দশ মিনিট কোমর দোলালেন দিশা পাটানি। তাঁর সঙ্গে নাচল ইডেন।‌ তারপর করণ আউজলা। তবে শো স্টোপার একজনই। তিনি শাহরুখ খান।