আজকাল ওয়েবডেস্ক: ইস্তাম্বুল এয়ারপোর্টে পা রাখতেই গ্রেপ্তার হলেন তুরস্কের জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান দেলিজ গোকতাস। গত বৃহস্পতিবারের এই ঘটনার পর তুরস্কজুড়ে নতুন করে শোরগোল পড়ে গেছে। অভিযোগ, নিজের একটি শো-তে তিনি ইসলাম ধর্ম এবং দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে অপমান করেছেন। ইস্তাম্বুল চিফ পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, ৩২ বছর বয়সী এই কৌতুকাভিনেতার শো নিয়ে প্রায় ১৮৫টি অভিযোগ জমা পড়ার পর তাঁর বিরুদ্ধে "ধর্মীয় মূল্যবোধকে প্রকাশ্যে অপমান করার" তদন্ত শুরু হয়েছে।
গত ২৪ জুন গোকতাস তাঁর ইউটিউব চ্যানেলে ১ জুনের একটি পারফরম্যান্সের ভিডিও আপলোড করেন। দ্রুতই সেটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং প্রায় ৯০ লাখ মানুষ তা দেখে ফেলেন। এই শো-তেই তিনি তুরস্কের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রেসিডেন্ট এরদোয়ান এবং গত বছর গ্রেপ্তার হওয়া ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগ্লুকে নিয়ে নানান ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই মূলত জলঘোলা শুরু হয় এবং প্রসিকিউটররা একে অপরাধমূলক ও আপত্তিকর বক্তব্য হিসেবে আখ্যা দিয়ে তদন্তে নামেন। ওই সময় গোকতাস দেশের বাইরে ছুটিতে থাকলেও গত বৃহস্পতিবার দেশে ফেরামাত্রই বিমানবন্দর থেকে তাঁকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। শুক্রবারই তাঁকে আদালতে তোলার কথা রয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
২০১৯ সালে আঙ্কারা থেকে কমেডি ক্যারিয়ার শুরু করা গোকতাস ইতিমধ্যেই ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহরে পারফর্ম করে বেশ পরিচিতি পেয়েছেন। তবে তুরস্কের পেনাল কোডের ২১৬(৩) ধারা অনুযায়ী, জনশান্তি বিঘ্নিত হতে পারে এমনভাবে কোনো ধর্মীয় মূল্যবোধকে অপমান করলে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত জেল হতে পারে। সমালোচকদের মতে, সরকারের বিরোধিতাকারীদের মুখ বন্ধ করতে এবং শিল্প ও বাকস্বাধীনতাকে খর্ব করতেই এই আইনের এমন যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, সরকারের দাবি, দেশে শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থেই এই ধরণের আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।















