আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষিত ও দক্ষ বিদেশি কর্মীদের জন্য ডোনাল্ড ট্রাম্পের আনা ১ লক্ষ ডলারের ভিসা ফি ‘বেআইনি’ বলে বাতিল করে দিল সে দেশের আদালত।

সোমবার বস্টনের মার্কিন জেলা আদালতের বিচারক লিও সোরোকিন এই রায় দিয়েছেন। গত সেপ্টেম্বর মাসে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ২০টি প্রদেশের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলরা।

সাধারণত আমেরিকার সংস্থাগুলি প্রযুক্তি বা অন্য বিশেষ কাজের জন্য বিদেশ থেকে কর্মী আনতে এই ‘এইচ-ওয়ানবি’ ভিসা ব্যবহার করে। 

প্রতি বছর মোট ৮৫ হাজার বিদেশি কর্মী এই ভিসা পান, যার সিংহভাগ (৭০ শতাংশেরও বেশি) ভারতীয় তথ্যপ্রযুক্তি পেশাদাররা। তিন থেকে ছয় বছরের জন্য এই ভিসা দেওয়া হয়। আগে এই ভিসার জন্য মার্কিন সংস্থাগুলিকে ২,০০০ থেকে ৫,০০০ ডলার খরচ করতে হতো।

কিন্তু ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, বিদেশি কর্মীরা এসে আমেরিকার নাগরিকদের চাকরি কেড়ে নিচ্ছেন। তাই বিদেশি কর্মী নিয়োগ রুখতে এবং সংস্থাগুলিকে নিরুৎসাহিত করতে ১ লক্ষ ডলারের এই বিপুল অঙ্কের ফি চাপানো হয়েছিল। 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-সহ রিপাবলিকান শিবিরের নেতাদের দাবি ছিল, এই ভিসা ব্যবস্থায় দেদার জালিয়াতি চলছে।

এই বিপুল ফির কারণে ছোট মার্কিন সংস্থাগুলির পক্ষে বিদেশ থেকে কর্মী আনা অসম্ভব হয়ে পড়েছিল। তবে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, দ্রুত ভিসা পাওয়ার আশায় প্রায় ২ লক্ষ মানুষ এই মোটা টাকা দিতে রাজি হয়েছেন।

যদিও মার্কিন অভিবাসন দপ্তরের হিসাব বলছে সম্পূর্ণ উল্টো কথা। গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৮৫ জন এই ফি জমা দিয়েছিলেন। আদালতের এই রায়ের ফলে স্বস্তিতে ভারতীয় আইটি পেশাদার ও মার্কিন সংস্থাগুলি।