আজকাল ওয়েবডেস্ক: আজকের এই যান্ত্রিক যুগে দু-দণ্ড শান্তিতে ঘুমানোর সময় কোথায়? কর্মব্যস্ততা আর স্মার্টফোনের নীল আলোয় যখন মানুষের রাতের ঘুম উধাও, তখন চিনের সাংহাইয়ে শুরু হয়েছে এক অদ্ভুত কিন্তু আকর্ষণীয় প্রতিযোগিতা। যেখানে প্রাণভরে ঘুমানোর জন্য আপনাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। গত ২১শে মার্চ ‘বিশ্ব নিদ্রা দিবস’ উপলক্ষে সাংহাইয়ের নির্জন ও সবুজঘেরা চোংমিং দ্বীপের দংপিং ন্যাশনাল ফরেস্ট পার্কে এই ‘স্লিপ-ইন-দ্য-ফরেস্ট’ প্রতিযোগিতার শুভ সূচনা হয়েছে।

১৮ থেকে ৫০ বছর বয়সী সুস্থ প্রাপ্তবয়স্করা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন। তবে নিয়মগুলো বেশ কড়া। অংশগ্রহণকারীদের খোলা আকাশের নিচে গহীন অরণ্যে বিছানো গদিতে শুয়ে থাকতে হবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত। এই দীর্ঘ সময়ে কোনও  মোবাইল ফোন, গ্যাজেট বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা চলবে না। এমনকি নিজেদের মধ্যে কথা বলা, খাওয়া-দাওয়া বা বিছানা ছেড়ে ওঠাও সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি মাঝপথে বসে পড়েন বা বিছানা ছেড়ে উঠে যান, তবে তিনি সরাসরি প্রতিযোগিতা থেকে বাদ পড়বেন।

শুধুমাত্র চোখ বুজে শুয়ে থাকলেই হবে না, প্রতিযোগীদের ঘুমের মান যাচাই করা হচ্ছে অত্যাধুনিক ট্র্যাকিং যন্ত্রের মাধ্যমে। কার হৃদস্পন্দন কেমন, কে কত দ্রুত গভীর ঘুমে তলিয়ে গেলেন—সবকিছুর ওপর ভিত্তি করে দেওয়া হচ্ছে স্কোর। যার ঘুমের মান সবচেয়ে ভালো হবে, তিনি পাবেন ৩,০০০ ইউয়ান (প্রায় ৩৫-৩৬ হাজার টাকা)। এছাড়া দ্রুততম সময়ে ঘুমানোর জন্য রয়েছে ২,০০০ ইউয়ানের আলাদা পুরস্কার। বাকি সফল অংশগ্রহণকারীদের জন্য থাকছে ১০,০০০ ইউয়ানের একটি বিশেষ প্রাইজ পুল।

সাংহাইয়ের মতো মেগাসিটিতে কাজের প্রবল চাপ আর ডিজিটাল আসক্তির কারণে তরুণ প্রজন্মের মধ্যে অনিদ্রা এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আয়োজকদের মতে, দূষণমুক্ত বাতাসে প্রকৃতির কোলে শুয়ে থাকা মানুষের ফুসফুসকে সতেজ করার পাশাপাশি মানসিক প্রশান্তি দেবে। 

শহরবাসীকে একটু ‘ডিজিটাল ডিটক্স’ করার সুযোগ দিতেই এই অভিনব আয়োজন। চিনা সোশ্যাল মিডিয়ায় এই প্রতিযোগিতা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। অনেকেই মজার ছলে বলছেন, "এমন শান্তির ঘুমের জন্য উল্টো টাকা পাওয়া তো এক পরম সৌভাগ্য!"