আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব ফের পড়ল ভারতের টাকার বাজারে। মঙ্গলবার মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম ৯৬-এর গণ্ডি পেরিয়ে গিয়েছে।

গত মে মাসের শেষের পর এই প্রথম টাকার দামে এতটা পতন দেখা গেল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

ফলে, ফের প্রভাব পড়েছে ভারতীয় টাকার দামে। মঙ্গলবার ডলারের তুলনায় রুপির মূল্য প্রায় ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৬.০৭৭৫। গত ২২ মে-এর পর এটাই টাকার সর্বনিম্ন স্তর।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮৪.৬ ডলারে পৌঁছে গিয়েছে। সপ্তাহের হিসেবে তেলের দাম প্রায় ১১ শতাংশ বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে তেল আমদানি নির্ভর দেশগুলির অর্থনীতিতে।

সম্প্রতি, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি লাগু হওয়ার পর বিশ্ব অর্থনীতি খানিকটা হলেও চাঙ্গা হয়েছিল। কিন্তু রুপির দর ক্রমশ কমেছে তারপর থেকে। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার আগে টাকার দাম ৯৪.৫০–৯৫.৫০-এর মধ্যে স্থিতিশীল থাকবে বলেই মনে করেছিলেন বিশেষজ্ঞরা 

সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র উপসাগরে ইরানের জাহাজ চলাচলের ওপর অবরোধ ফের বহাল করেছে। এমনকী, হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করা পণ্যের ওপর ২০% ফি আদায় করা হবে।

বিশ্লেষকদের মতে, শক্তিশালী ডলারের পাশাপাশি তেলের দাম এখনও রুপির জন্য বড় ঝুঁকি। কারণ জ্বালানির দামের বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে।