আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় এবার তৈরি হতে সেমিকন্ডাক্টর কারখানা। জানা গিয়েছে, মার্কিন সফরে গিয়ে নরেন্দ্র মোদি এবং জো বাইডেনের বৈঠকে এমনটাই আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। কোয়াড সদস্যের বৈঠকে মার্কিন মুলুকে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেই রবিবার বৈঠক হয় বাইডেন এবং মোদির। জানা গিয়েছে, সেখানেই দুই পক্ষের মধ্যে আলোচনা হয় কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা করা যেতে পারে। এতে করে দুই দেশেরই কর্মসংস্থান বাড়বে।

 

 

ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত এবং আমেরিকার মধ্যে এমন একটি বৈঠক হয়েছে যাতে লাভবান হবেন দুই দেশেরই সাধারণ মানুষ এবং বন্ধন বাড়বে দুই দেশের। অন্যদিকে, হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা, টেলি কমিউনিকেশন এবং শক্তি প্রয়োগের জন্য উন্নত সেন্সিং, যোগাযোগ এবং পাওয়ার ইলেকট্রনিক্সের ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি নতুন সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট স্থাপনের জন্য আলোচনা হয়েছে দুই দেশের রাষ্ট্রনেতার। ভারতের সেমিকন্ডাক্টর মিশনের সমর্থনে কলকাতায় স্থাপিত হতে পারে এই কারখানাটি।

 

 

পাশাপাশি, ভারত সেমি, থার্ড আইটেক এবং ইউএস স্পেস ফোর্সের মধ্যে বিশেষ পার্টনারশিপের মাধ্যমে কারখানাটি তৈরি হবে বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, গ্লোবালফাউন্ড্রিজ কলকাতা পাওয়ার সেন্টার চিপ তৈরিতে গবেষণা ও উন্নয়নে পারস্পরিক উপকারী যোগসূত্র বাড়াবে। কারখানাটি তৈরি হলে এআই এবং ডেটা সেন্টারের ক্ষেত্রেও অগ্রগতি হবে। এর পাশাপাশি এমকিউ ৯বি প্রিডেটর ড্রোন নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের। দুই দেশের জাতীয় সুরক্ষা বাড়াতে আলোচনা করেছেন মোদি এবং বাইডেন।