আজকাল ওয়েবডেস্ক: ভবিষ্যৎ নিয়ে কমবেশি অনেকেই ভীষণ আগ্রহী। বর্তমানে কী ঘটছে, তার চেয়েও বেশি কৌতূহল থাকে ভবিষ্যতে কী ঘটবে তা জানার প্রতি। সম্প্রতি তৃতীয় বিশ্বযুদ্ধে গোটা পৃথিবীর উপর কতটা প্রভাব, তা ঘিরে এক বিশপের ভবিষ্যদ্বাণী নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। তৃতীয় বিশ্বযুদ্ধের শেষে পৃথিবী কতটা বদলে যাবে, কতজন মারা যাবেন, তা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওই বিশপ।
মার মারি ইমানুয়েল। অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা তিনি। পেশায় একজন বিশপ। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্টে জানান, তৃতীয় বিশ্বযুদ্ধের পরিণাম সাঙ্ঘাতিক। গোটা বিশ্বজুড়ে ধ্বংসলীলা চলবে। প্রাণ হারাবেন বহু মানুষ। আর বিশ্বযুদ্ধের শেষে যাঁরা বেঁচে থাকবেন, তাঁদের সারাজীবন আফসোস থাকবে।
মার মারি ইমানুয়েলের কথায়, তৃতীয় বিশ্বযুদ্ধের শেষে পৃথিবীর মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ মানুষ মারা যাবেন। দুই তৃতীয়াংশ মানুষ বেঁচে থাকলেও, তাঁদের আফসোস থাকবে কেন বেঁচে আছেন তা নিয়ে। বদলে যাবে পৃথিবীর চেহারা। ধুয়ে, মুছে সাফ হয়ে যাবে পৃথিবীর একাংশ। পরমাণু হামলায় মানব সভ্যতার চেহারাই বদলে যাবে।
দিন কয়েক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি পরমাণু হামলায় কীভাবে প্রাণরক্ষা করা সম্ভব তা নিয়ে নির্দেশিকা প্রকাশ করে। এরপরই অস্ট্রেলিয়ার বিশপের এই ভবিষ্যদ্বাণী ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
















