আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ, সংঘর্ষ। দিনে দিনে পরিস্থিতি খারাপ হচ্ছে ইরানে। তারমাঝেই কম্পন। মঙ্গলবার কেঁপে উঠল ইরানের বিস্তীর্ণ অঞ্চল। একাধিক আন্তর্জাতিক এবং স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (USGS)-এর প্রাথমিক তথ্য অনুসারে, মঙ্গলবার দক্ষিণ ইরানের গেরাশ অঞ্চলে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎস। ইতিমধ্যেই একাধিক ভূমিকম্প পর্যবেক্ষণ সূত্র দ্বারা নিশ্চিত করা হয়েছে কম্পনের বিষয়টি। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে দক্ষিণ ইরানের ফারস প্রদেশের গেরাশের কাছে কম্পন অনুভূত হয়। এই প্রসঙ্গে উল্লেখ্য, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার মধ্যে এই ভূমিকম্প ঘটে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে তেহরানের ৮০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কেরমান বিমান ঘাঁটিতে হামলায় কমপক্ষে ১৩ জন ইরানি সেনা নিহত হয়েছেন। আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা এবং হামশাহরি দৈনিক পত্রিকা জানিয়েছে যে ওই ঘাঁটি ছিল হামলার লক্ষ্যবস্তু। তার মাঝেই কম্পন ইরানে।
