আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার ফ্লোরিডাতে উৎক্ষেপণ স্থলে ব্লু অরিজিন কোম্পানির তৈরি একটি রকেট নিয়ে পরীক্ষা চালানোর সময় তাতে বিস্ফোরণের ঘটনা ঘটল। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, রকেটটি হঠাৎ করে বিশাল আগুনের গোলায় পরিণত হয়েছে এবং আশপাশের পুরো এলাকা আগুনে ঢেকে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ব্লু অরিজিন কর্তৃপক্ষ বলেছে, ‘হটফায়ার টেস্টের সময় একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে।’ তারা আরও বলেছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মীর খোঁজ মিলেছে এবং সবাই নিরাপদে আছেন।

ই–কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ২০০০ সালে এই মহাকাশপ্রযুক্তি কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। কেপ ক্যানাভেরালে রাত প্রায় ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ব্রেভার্ড কাউন্টির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, এই ঘটনায় সাধারণ মানুষের জন্য কোনও ঝুঁকি তৈরি হয়নি।

বেজোস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ঘটনাস্থলে উপস্থিত থাকা কর্মীরা নিরাপদ আছেন এবং তাদের খোঁজ পাওয়া গেছে। বেজোস বলেন, ‘এত আগে ঘটনার মূল কারণ জানা যাবে না। তবে আমরা ইতিমধ্যে তা খুঁজে বের করার কাজ শুরু করেছি। আজকের দিনটি খুব কঠিন ছিল। কিন্তু যা কিছু আবার তৈরি করা দরকার, আমরা তা করব এবং আবার উড়ানের কাজে ফিরে যাব। এটা জরুরি।’

আমেরিকার সশস্ত্র বাহিনীর মহাকাশ বিভাগ বলেছে, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এবং কর্মকর্তারা ব্লু অরিজিন কর্তৃপক্ষের সঙ্গে মিলে ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা করছেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসার প্রশাসক জ্যারেড আইজাকম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  লিখেছেন, মহাকাশযাত্রা খুবই কঠিন ও ঝুঁকিপূর্ণ। আর নতুন ভারী রকেট তৈরির কাজ অত্যন্ত জটিল। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য আমরা আমাদের সহযোগীদের সহায়তা দেব, স্বল্পমেয়াদি অভিযানের ওপর এর প্রভাব মূল্যায়ন করব এবং আবার রকেট উৎক্ষেপণের কাজে ফিরব।’ বেসামরিক উড়োজাহাজ চলাচল–সংক্রান্ত কেন্দ্রীয় প্রশাসন (এফএএ) এক বিবৃতিতে বলেছে, তারা এই ঘটনার বিষয়ে জানে।