আজকাল ওয়েবডেস্ক: এবার ইরানের হামলার প্রত্যাঘাত করল ইজরায়েল। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম মারফত জানা যাচ্ছে, তেহরানে একাধিক মিসাইল হামলা চালিয়েছে ইজরায়েল।

জানা গিয়েছে, ইরানের রাজধানী সহ একাধিক শহরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইজরায়েলের দাবি, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। মার্কিন মুলুকে ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক আগে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

এর ফলে, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা আরও জটিল হয়ে উঠল। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তেহরানের বিভিন্ন এলাকায়, এমনকি মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা যায় সোমবার ভোররাতে।

পাশাপাশি ইসফাহান এবং তাবরিজ শহরেও বিস্ফোরণের খবর মিলেছে। প্রসঙ্গত, রবিবার রাতে ইরান উত্তর ইজরায়েলের একাধিক শহর লক্ষ্য করে মোট ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এর জেরে একাধিক এলাকায় সাইরেন বেজে ওঠে। তেহরানের দাবি, বেইরুটে ইজরায়েলের সাম্প্রতিক হামলার জবাব দিতেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এর আগেও ইরান একাধিক বার জানিয়েছে, লেবাননে ইজরায়েলের সামরিক অভিযান বন্ধ না হলে কোনও বৃহত্তর শান্তি চুক্তি সম্ভব নয়।

অন্যদিকে ইজরায়েলের মতে, লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে তাদের অভিযানের সঙ্গে ইরানের সঙ্গে শান্তি চুক্তি গুলিয়ে ফেলা উচিত নয়। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তিনি ব্যক্তিগতভাবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাল্টা হামলা থেকে বিরত থাকতে বলেছেন।

ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চুক্তির ওপর এর কোনও প্রভাব পড়বে না। আমিই সব সিদ্ধান্ত নিচ্ছি।’ একাধিক মার্কিন সংবাদমাধ্যমের দাবি, রবিবার ফোনে ট্রাম্প নেতানিয়াহুকে ইরানে হামলা না চালানোর পরামর্শ দেন।

কারণ, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা চুক্তির আলোচনা অনেকটাই এগিয়েছে। তবে ট্রাম্পের অনুরোধের পরও বেইরুটে হামলা করে ইজরায়েল।

এর কিছুক্ষণের মধ্যেই ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইরানের সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে।