আজকাল ওয়েবডডেস্ক: খামেনেই হত্যার পরই ইরান নাকি মার্কিন কর্তাদের সঙ্গে আলোচনায় রাজি হয়েছে। রবিবার এই দাবি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছিল সর্বোচ্চ নেতাকে হারিয়ে সত্যিই কী তাহলে আপসে রাজি তেহরান? সোমবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনও আলোচনা করবে না।
ট্রাম্পের দাবি সম্বলিত সংবাদ মাধ্যমের প্রতিবেদনসমুহ উড়িয়ে আলি লারিজানি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র- আমেরিকার সঙ্গে নতুন করে আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের ব্যবহার করেছে। খামেনেইর দীর্ঘদিনের উপদেষ্টা লারিজানি এক্স-পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রবল নিন্দা করেছেন। মধ্যপ্রাচ্যকে অশান্তির মুখে ঠেলে দেওয়ার জন্য দায়ী করেছেন।
লারিজানি বলেছেন যে, "তাঁর 'মিথ্যা আশা' দিয়ে ট্রাম্প মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছেন। এখন আমেরিকান সৈন্যদের আরও হতাহতের বিষয়ে তিনি চিন্তিত।" তিনি আরও যোগ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট তাঁর "আমেরিকা ফার্স্ট" স্লোগানকে "ইজরায়েল ফার্স্ট"-এ বদলে নিয়েছেন এবং "ইজরায়েলের ক্ষমতার জন্য মার্কিন সৈন্যদের বলি করছেন।"
মার্কিন দাবি উড়িয়ে আলি লারিজানির দাবি, ইরানি বাহিনী "আগ্রাসন শুরু করেনি।"
আলি লারিজানি কে, কেন তাঁর এত গুরুত্ব?
৬৭ বছর বয়সী আলি লারিজানি ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন প্রাক্তন কমান্ডার এবং দীর্ঘদিনের রক্ষণশীল রাজনীতিবিদ। লারিজানি বর্তমানে ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
অস্থির পরিস্থিতে লারিজানির দায়িত্ব অনেকটাই বেড়েছে। গত ডিসেম্বরে বিক্ষোভের সময় থেকে তিনি অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন। রাশিয়া, কাতার এবং ওমানের মতো আঞ্চলিক শক্তির সঙ্গে সমন্বয় করেছেন এবং ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনায় ভূমিকা পালন করেছেন। যুদ্ধ বা নেতৃত্বের বিঘ্ন ঘটলে লারিজানি আকস্মিক পরিকল্পনায়ও জড়িত ছিলেন।
লারিজানি একটি অভিজাত রাজনৈতিক ও ধর্মীয় পরিবার থেকে এসেছেন। তিনি ১২ বছর ধরে সংসদের ইরানি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের ৫ আগস্ট ফের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব পদে বসানো হয় তাঁকে।
২০২১ সালে, লারিজানিকে চীনের সঙ্গে কোটি কোটি ডলার মূল্যের ২৫ বছরের কৌশলগত চুক্তি নিয়ে আলোচনার দায়িত্বও দেওয়া হয়েছিল।
সংঘাত অব্যাহত
সোমবার তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। পাল্টা দোহা, দুবাই এবং জেরুজালেমেও নতুন করে বিস্ফোরণের খবর মিলেছে।
কুয়েত জানিয়েছে যে, এই নিয়ে টানা তিন দিন ইরানী ড্রোন ধ্বংসের কাজ চলছে। পূর্ব ভূমধ্যসাগরে, ব্রিটেন জানিয়েছে যে- রাতারাতি সাইপ্রাসের আরএএফ আক্রোটিরি ঘাঁটিতে একটি সন্দেহভাজন ড্রোন হামলা হয়, ফলে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে, ট্রাম্প শেষ পর্যন্ত সম্ভাব্য নতুন ইরানি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তবে মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকবে। কর্মকর্তাটি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ইরানের নতুন সম্ভাব্য নেতৃত্ব ইঙ্গিত দিয়েছেন যে তাঁরা আলোচনা করতে চান, অবশেষে তিনি কথা বলবেন। আপাতত, অপারেশন এপিক ফিউরি নিরবচ্ছিন্নভাবে চলছে।”
