আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত গাজায় শান্তি ফেরাতে চলতি বছরের গোড়াতেই বোর্ড অফ পিস গঠন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুদ্ধে তছনছ ভূখণ্ডে স্থায়ী শান্তি ফেরাতে, মধ্যপ্রাচ্যে 'ঐটিহাসিক' চুক্তির ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় ,মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন তা। জানান, বোর্ড অফ পিস, ঐতিহাসিক সাফল্য পেয়েছে। গাজায় হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী অস্ত্র ছাড়তে রাজি হয়েছে। হামাস অস্ত্রত্যাগ করলেই, ইজরায়েল গাজা থেকে ধাপে ধাপে সেনা সরিয়ে নেবে, নিজের পোস্টে তাও জানিয়ে দিয়েছেন ট্রাম্প।
সঙ্গেই জানিয়েছেন, ইজরায়েল সেনা সরিয়ে নেওয়ার পর, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স প্যালেস্টাইন পুলিশের সঙ্গে সমাঞ্জস্য রেখে কাজ করবে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ইজরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বিবৃতি পাওয়া যায়নি।
এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইজরায়েল-হামাস। যদিও তাতে পরিস্থিতি শান্ত হয়নি। সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্যমন্ত্রক জানায়, একাধিক মৃত্যু হয়েছে ইজরায়েলি হানায়। তাতে ছিল শিশুরাও।
মিশরের রাষ্ট্র-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম 'আল-কাহেরা নিউজ' শুক্রবার ভোরে জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের একটি বৈঠক 'শীঘ্রই' কায়রোতে অনুষ্ঠিত হবে। কবে এই বৈঠক বসবে তা স্পষ্ট না করলেও, তাতে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।
এই যুদ্ধ থামানোর লক্ষ্যে এর আগেই মধ্যস্থতা করেছেন কার্কিন প্রেসিডেন্ট। এবার সরাসরি শান্তির লক্ষ্যে ঐতিহাসিক চুক্তির ঘোষণা করলেন তিনিই। নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন 'ঐতিহাসিক' চুক্তি প্রসঙ্গে।
















