আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের একযোগে হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর ইরানের সরকারি সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খামেনেইর মৃত্যুতে ৪০ দিন রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। তা সত্ত্বেও জারি যুদ্ধের দামামা। 

 

খামেনেইর মৃত্যুর পরেও ইরানে রবিবারেও হামলা করল ইজরায়েল। এদিন ইজ়রায়েলের সেনাবাহিনী জানিয়েছে, নতুন করে পশ্চিম ও মধ্য ইরানের ৩০টি জায়গায় তারা হামলা চালিয়েছে। এই হামলা জারি থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানে মৃত্যুমিছিল ক্রমেই বাড়ছে। 

 

অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে। পাশাপাশি ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে তারা। খামেনেইর হত্যাকারীদের খতম করার হুঁশিয়ারি দিয়েছে তারা। 

 

আজ সকালে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘সবচেয়ে ভয়ঙ্কর’ হামলা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। একটি বিবৃতিতে তারা দাবি জানিয়েছে, ইতিহাসের সবচেয়ে বড় হামলাটা এ বার তারা করবে। 

 

গতকাল শনিবার ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল৷ সঙ্গে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ শনিবার সকালে তেহরানে প্রথম হামলা চালায় ইজরায়েল৷ ইরানের সুপ্রিম ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের দপ্তরের কাছেই বিস্ফোরণ ঘটে৷ তিনি আপাতত নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছিলেন বলে জানা গিয়েছিল ৷ 

 

পরে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, সারা দেশে আক্রমণ চালিয়েছে ইজরায়েল৷ দেশের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রথম এই আক্রমণের বিষয়টি নিশ্চিত করে৷ পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সামরিক অভিযানে কথা ঘোষণা করেন৷ 

 

শনিবার রাতে সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবি, দুবাই, কাতারের দোহা, সৌদি আরবের রিয়াদে একের এক পর হামলা চালাচ্ছে ইরান। শনিবার সন্ধ্যায় দুবাইয়ের বুর্জ খলিফার পাশেই বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। যার জেরে নিমেষের মধ্যে বুর্জ খলিফা খালি করে দেওয়া হয়। পাম জুমেইরাহ-তেও ক্ষেপণাস্ত্রের অংশ আছড়ে পড়ে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।