আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার টেক্সাসে বন্দুকের হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় বংশোদ্ভূত তরুণী। অস্টিন শহরের একটি জনপ্রিয় পানশালায় গত রবিবার এই ঘটনাটি ঘটেছে। সবিতা শান (২১) নামে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে। তাঁর সঙ্গেই প্রাণ হারিয়েছেন ১৯ বছরের এক কিশোর, রাইডার হ্যারিংটন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পুলিশের গুলিতে নিহত হয়েছে ৫৩ বছর বয়সি আততায়ী এনডিয়াগা ডায়াগনেও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি জঙ্গি হামলা। যদিও সরকারিভাবে দু’জনের মৃত্যুর কথা জানানো হয়েছে, তবে বেশ কিছু সূত্রের দাবি, হামলায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেক মানুষ।
রবিবার রাতে অস্টিনের ওই পানশালায় হঠাৎই গুলি চালাতে শুরু করেন ডায়াগনে। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ওই ব্যক্তির পোশাকে ইরানের জাতীয় পতাকার নকশা ছিল এবং তাতে লেখা ছিল ‘প্রপার্টি অফ আল্লাহ’।
সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-এর মৃত্যুকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে যে চরম উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই এই হামলা কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
সবিতার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ টেক্সাস বিশ্ববিদ্যালয়। সেখানকার অধ্যাপক রাস ফিনি জানিয়েছেন, সবিতা ক্লাসের অন্যতম মেধাবী ছাত্রী ছিলেন। চলতি বছরের মে মাসেই তাঁর স্নাতক হওয়ার কথা ছিল। পড়ুয়াদের কাছে অত্যন্ত প্রিয় সবিতা ছাত্র সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। ফিনি লিখেছেন, “এমন এক প্রতিভাকে হারানো অত্যন্ত যন্ত্রণার।”
বিশ্ববিদ্যালয়ের কাছেই এই পানশালায় সাধারণত পড়ুয়াদের ভিড় থাকত। এলাকাটি নিরাপদ বলেই পরিচিত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার রাতে সেখানে কয়েকশো পড়ুয়া হুল্লোড়ে মেতেছিলেন। তখনই একটি গাড়ি নিয়ে সেখানে পৌঁছন ডায়াগনে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করেন। প্রাণ বাঁচাতে পড়ুয়ারা যে যার মতো আড়াল খুঁজতে থাকেন। আততায়ীর মৃত্যু হলেও ঠিক কী উদ্দেশ্যে এই হামলা চালানো হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
