আজকাল ওয়েবডেস্ক: আমেরিকায় ফের ভারতীয় ছাত্রের মৃত্যু। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ফিলাডেলফিয়ায় গভীর রাতে পিৎজা ডেলিভারি দিতে গিয়ে যুবককে গুলি করে খুন করা হয়। নিহতের নাম অংশুল কুঞ্চা (২৮)। তিনি ভারতের হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে 'ফাঁদ পেতে' অংশুলকে খুন করা হয়েছে।

 

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অংশুলের দিদি তানভি জানান, একটি পরিত্যক্ত এলাকায় পিৎজা ডেলিভারি দেওয়ার জন্য অংশুলকে ডাকা হয়েছিল। সেখানে তাঁর মাথায় পরপর তিনটি গুলি করা হয়। এর পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে যায় দুষ্কৃতিরা।

 

ঘটনায় শোকস্তব্ধ অংশুলের পরিবার। তীব্র ক্ষোভ করেছেন তানভি বলেন,"ওকে খুন করার জন্যই ওই ফাঁদ পাতা হয়েছিল। এর থেকে ওরা কী পেল বা ওদের কী উদ্দেশ্য ছিল, আমরা জানি না। শুধু ওরা আমার ভাইকে আমাদের থেকে কেড়ে নিল।"

 

পরিবার সূত্রে জানা গিয়েছে, অংশুল হায়দরাবাদ থেকে বিটেক পড়ার পর আমেরিকা গিয়েছিলেন স্নাতকোত্তরের জন্য। এর পর পড়াশোনা শেষ করে উত্তর ফিলাডেলফিয়ার একটি বহুজাতিক সংস্থায় চাকরি শুরু করেন। পাশাপাশি বাড়তি উপার্জনের জন্য সপ্তাহান্তে আংশিক সময়ের জন্য পিৎজা ডেলিভারির কাজও করতেন।

 

জানা গিয়েছে, ওই দিন রাতে একটি পিৎজা অর্ডার দিতে যাওয়ার সময়ই তাঁর ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁর কাছ থেকে কোনও টাকা বা জিনিসপত্র ছিনতাই করেনি। ফলত, এটি স্রেফ একটি ডাকাতির উদ্দেশ্যে হামলা ছিল না বলেই মনে করছে পরিবার। একাধিক মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কালো মাস্ক ও পিঠে ব্যাগ নিয়ে দু'জন বন্দুকবাজ অংশুলের উপর হামলার ঘটনায় জড়িত ছিল।

 

 

ইতিমধ্যেই মার্কিন পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এবং কতজন মিলে এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাস।

 

ভারতীয় দূতাবাসের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে 'ফিলাডেলফিয়ায় ভারতীয় নাগরিক মি. অংশুল কুঞ্চার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। দূতাবাস নিহতের পরিবারের সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখছে। এ ছাড়া সব ধরনের প্রয়োজনীয় সহায়তাও করছে।"

 

নিহত যুবকের দিদি তানভি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। পাশাপাশি, ভারত সরকারের বিদেশ মন্ত্রকের কাছে দ্রুত অংশুলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আবেদন জানিয়েছেন। আগামী সোমবার (মার্কিন সময় অনুযায়ী) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানা গিয়েছে।