আজকাল ওয়েবডেস্ক: চার্জ হচ্ছিল স্মার্টফোনটির। সেই অবস্থাতেই মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করছিল এক নাবালিকা। আচমকাই ঘটল বিপত্তি। ঘরের মধ্যেই স্মার্টফোন বিস্ফোরণ। তাও আবার ওই নাবালিকার ঠিক মুখের সামনেই। বরাতজোরে প্রাণ বেঁচে গেছে ওই নাবালিকার। ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির থেকে রক্ষা পেয়েছে সে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চীনে। গত ৯ মার্চ সোমবার বাড়িতেই ঘটনাটি ঘটেছে। সে ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপর স্মার্টফোন ব্যবহারে আরও সতর্ক থাকার বার্তা দিয়েছেন সকলেই।
ঘরের মধ্যে সিসিটিভি ক্যামেরা ছিল। সেই সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে। ভিডিওটিতে দেখা গেছে, ঘরের এক কোণায় সোফায় বসে মোবাইল ফোন ঘাঁটছে ওই নাবালিকা। মোবাইল ফোনটি চার্জে বসানো ছিল। আচমকাই নাবালিকার ঠিক মুখের সামনে স্মার্টফোন বিস্ফোরণ ঘটে।
বিকট শব্দ বিস্ফোরণ ঘটতেই সোফা থেকে ছিটকে নীচে পড়ে যায় নাবালিকা। তার হাত থেকেও মোবাইল ফোনটি পড়ে যায়। নিমেষের মধ্যে ওই স্মার্টফোন পুড়ে খাক। কিন্তু নাবালিকার কোনও চোট লাগেনি বলে জানা গেছে। ভিডিওটিতে দেখা গেছে, বিস্ফোরণের চোটে আতঙ্কে চিৎকার করে কেঁদে ফেলে সে। কাঁদতে কাঁদতে অন্য ঘরে ছুটে যেতে দেখা গেছে তাকে।
আরও জানা গেছে, চীনের স্থানীয় এক কোম্পানির স্মার্টফোনেই গেম খেলছিল ওই নাবালিকা। চার্জে বসিয়ে ফোন ঘাঁটাঘাঁটি করলে, তা এমনিতেই ওভারহিট হয়ে যায়। এভাবেই অতীতে আরও একাধিকবার মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চার্জে বসিয়ে মোবাইল গেম খেলার জেরে ফোনটি অতিরিক্ত গরম হয়ে, বিস্ফোরণ ঘটেছে বলেই দাবি করেছেন অনেকে।
ভিডিওটি এক্স হ্যান্ডেলে হু হু করে ছড়িয়ে পড়েছে। একজন লিখেছেন, 'এত ছোট শিশুদের হাতে স্মার্টফোন দেওয়াই উচিত হয়নি পরিবারের।' আরেকজন লিখেছেন, 'পরিবারের সদস্যরাও অত্যন্ত উদাসীন।' এক যুবক, 'এই ঘটনা সকলেরই শিক্ষা নেওয়া উচিত।'
